উলিপুরে আ.লীগ কার্যালয়ে আগুন, ৪ বিএনপি কর্মী গ্রেপ্তার, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গত রোববার রাতে আগুন লাগে। রাত পৌনে একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন আবদুর রশিদ, আবদুল খালেক, মহিবুর রহমান ও হাসিব। এ ঘটনায় পুরো নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বাদী হয়ে গতকাল সোমবার একটি মামলা করেছেন। এতে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের নেতা গোলাম হোসেন মন্টু বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থকেরাই এই আগুন লাগিয়েছে। আগুনে আওয়ামী লীগ কার্যালয়ের টেলিভিশন, আসবাবপত্র ও ব্যানার-ফেস্টুনসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।
তবে বিএনপির প্রার্থী আবুল আলা তারিক চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের লোকজন নিজেই আগুন লাগিয়ে বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব করে তারা নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, আওয়ামী লীগের অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।