উলিপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় আওয়ামী লীগ-মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে।
এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলাম, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞাসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই রাতেই পুলিশ উপজেলা বিএনপির সহসভাপতি আবদুর রশিদকে গ্রেপ্তার করে।
এদিকে গতকাল শনিবার বিকেলে উলিপুর পৌর নির্বাচনে ব্যাপক কারচুপির আশঙ্কা, মিথ্যা মামলা ও সেনা মোতায়েনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তারিক আবুল আলা চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উলিপুর পৌর এলাকার বকুলতলা বাজারে মেয়র প্রার্থী আবদুল হামিদ সরকারের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে বিএনপিকে দায়ী করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি বিষয়টি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। এদিকে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে অনেকেই গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দেওয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়গুলোতে জনসমাগম কমে যায়।
অন্যদিকে গতকাল বিকেলে বিএনপির উপজেলা কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে বিএনপির মেয়রপ্রার্থী অভিযোগ করেন, গত রাতে সরকারদলীয় লোকজন বিএনপি-সমর্থিত পূর্ব শিববাড়ির খালিভিটা গ্রামের রফিকুল ইসলামের দোকানঘর পুড়িয়ে দিয়েছে।