উলিপুরে গৃহবধূকে হত্যা স্বামীসহ ২ ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামীসহ দুই ছেলেকে পুলিশ আটক করেছে। একই দিন রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে আম্বিয়া বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
উলিপুর থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের বাদশা আলমগীরের (৫৪) সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী মমিনা বেগমের (৪৭) পারিবারিক বিরোধ চলছিল। ছেলে মমিনুলের বিয়েকে কেন্দ্র করে তা আরও প্রকট আকার ধারণ করে। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ির উঠানে বসে মমিনা পিঠা তৈরি করছিলেন। এ সময় কে বা কারা পেছন থেকে ঘাড়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় গৃহবধূর ছোট দুই সন্তান ঘরে পড়াশোনা করছিল। দ্বিতীয় ছেলে সাহেব আলী (২২) বাজার থেকে বাড়িতে এসে তাঁর মায়ের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে ঘরে থাকা দুই শিশুসন্তানসহ আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাদশা আলমগীর, দুই ছেলে মমিনুল ও সাহেব আলীকে আটক করা হয়েছে।
মমিনার ভাই আবদুল কাইয়ুম বলেন, ‘আমি বোন হত্যার বিচার চাই।’
এ প্রসঙ্গে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল সাইদ বলেন, এ ঘটনায় কাইয়ুম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও সন্তানদের আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আম্বিয়া বেগমের সঙ্গে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের শফিকুল ইসলামের বিয়ে হয়। সম্প্রতি শফিকুল সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে গত মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আম্বিয়াকে শারীরিকভাবে নির্যাতন করেন শফিকুল। গতকাল বুধবার সকালে আশপাশের লোকজন শফিকুলের বাড়িতে গিয়ে দেখেন কেউ নেই। তাঁরা ঘরে ঢুকে তীরের (ধরনা) সঙ্গে গলায় গামছা প্যাঁচানো আম্বিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি আম্বিয়ার বাবার বাড়ি ও থানা-পুলিশকে জানান। পুলিশ গতকাল দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শফিকুল আমার মেয়েকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। তাঁর নির্যাতনে আম্বিয়ার মৃত্যু হয়েছে।’
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।