উলিপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামের উলিপুরের বামনপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৩৮)। গতকাল বুধবার নিহতের স্ত্রী সাহেরা খাতুন উলিপুর থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের ওমর আলী গংদের সঙ্গে ফজলুল হকের ৬৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমির ওপর নির্মিত ঘর ওমর আলীর লোকজন উচ্ছেদ করতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। একপর্যায়ে লাঠির আঘাতে ফজলুল হকের ছেলে আবদুর রহমান মারা যান। গুরুতর আহত ছয়জনকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চারজনের নাম পাওয়া যায়নি।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ওমর আলীর ছেলে আবু বক্করসহ (৫০) চারজনকে আটক করেছে। থানার ওসি জমির উদ্দিন জানায়, সাহেরা খাতুন বাদী হয়ে অজ্ঞাত ১০-১৫ জনসহ ৩৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।