উলিপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গতকাল সোমবার বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নওয়াব আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের পুড়িরপটল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাহফুজারের সঙ্গে প্রতিবেশী নওয়াব আলীর দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। মাহফুজার গত রোববার রাতে বেড়া দিয়ে প্রতিপক্ষের পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। গতকাল সকাল নয়টার দিকে ওই বেড়া সরিয়ে নওয়াব বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে মাহফুজার ও তাঁর লোকজন নওয়াবের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই নওয়াব আলীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা একটার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজগার আলী, এনামুল ও জোবেদা বেগমকে আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন।