উলিপুরে বাবা ও ছেলে দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ঝাড়ভাঙা গ্রামে বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দিলে এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হওয়া দুজন হলেন পান্ডুল ইউনিয়নের ঝাড়ভাঙা গ্রামের জয়নাল আলী (৫৭) ও তাঁর ছেলে আনোয়ারুল (২৫)। জয়নাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ তাঁদের ঘরে আগুন লাগিয়ে দেয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা জয়নাল আলীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে আগুন নিভে যায়। অগ্নিকাণ্ডে জয়নালের বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে একটি গরু, দুটি ছাগল ও ১০টি হাঁস পুড়ে মারা গেছে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় জয়নাল ও তাঁর ছেলেকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জয়নাল আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়নালের অভিযোগ, গ্রামের রেজওয়ান ও গোলজারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তিনি গোলজারের আত্মীয়। জমি পাওয়ার ক্ষেত্রে তিনি গোলজারকে সহায়তা করেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে রেজওয়ান তাঁকে হত্যার উদ্দেশ্যে ঘরে আগুন লাগায়। রেজওয়ান এর আগে একাধিকবার তাঁকে হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে গতকাল রোববার রেজওয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জয়নাল আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। পরে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।