উলিপুরে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থী হাসপাতালে
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মো. ওজায়ের (১৪) নামের হেফজ শাখার এক শিশুশিক্ষার্থী মাদ্রাসাশিক্ষকের নির্যাতনের শিকার হয়েছে। তাঁকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত সোমবার দুপুরে জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কাটাখালিপাড় আনারুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ওজায়ের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার উলিপুর তবকপুর ইউনিয়নের কাটাখালিপাড় আনারুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার আবাসিক শিক্ষার্থী ওজায়ের গত রোববার বিকেলে বাড়ি থেকে আসার সময় ভুলে তার বাবার মুঠোফোনটি নিয়ে আসে। বিষয়টি মাদ্রাসার শিক্ষক হাফেজ নূর মোহাম্মদ জানতে পেরে গত সোমবার দুপুরে তাকে ডেকে নেয়। মাদ্রাসায় মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ বলে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক উপর্যুপরি তাঁকে নির্দয়ভাবে বেত্রাঘাত করতে থাকেন। বেত্রাঘাতে তার দুই পা, হাত ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। হুজুরের এমন ভয়ংকর আচরণে আবাসিক ছাত্রদের মাঝে ভীতিকর পরিবেশ সৃষ্টি হলে তারা ছোটোছুটি শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া ফারাজিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল সাইদ বলেন, এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।