উল্টো নির্যাতিতার বিরুদ্ধে জিডি
দাবি করা যৌতুকের টাকা এনে না দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনার পর গত দুই দিনেও বাদীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করেনি থানা-পুলিশ। উল্টো নির্যাতিতার বিরুদ্ধে স্বামীর মিথ্যা অভিযোগ সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করেছে।
নির্যাতিত গৃহবধূ সেলিনার বড় বোন লিলি বেগম (৩০) বলেন, ‘আমার বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর তার স্বামী আনোয়ার খান ও শ্বশুর দুলাল খানকে আসামি করে ২৪ মে সকালে গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করি। পুলিশ গত তিন দিনে সেই মামলা রুজু করেনি। বরং নির্যাতনকারী আনোয়ার খানের অভিযোগ জিডিভুক্ত করেছে।’
গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, নির্যাতিতার এজাহার অসমাপ্ত থাকায় এখনো মামলা রুজু করা হয়নি। সংশোধনী দেওয়া মাত্রই তাঁর এজাহার রুজু করা হবে। তা ছাড়া তাঁর স্বামী আগেই জিডির জন্য আবেদন করেছিলেন।