উল্লাপাড়া থেকে অপহরণ গাজীপুরে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের তিন দিন পর গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে উল্লাপাড়া লাহিড়ি মোহনপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাকিব হোসেনের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 
উল্লাপাড়া থানার পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রবিন মিয়া, ইমরান হোসেন ও আরমান হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ ও নিহত সাকিবের পরিবার সূত্র জানায়, উপজেলার সাতবিলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাকিব হোসেন গত বুধবার একই গ্রামের দশম শ্রেণির ছাত্র রবিন মিয়া (১৬) ও আরমান হোসেনের (১৭) সঙ্গে বিদ্যালয়ে যায়। সন্ধ্যা হলেও সাকিব বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে সাকিবকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ বাবদ তার বাবার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি নিয়ে গ্রামবাসী ও পরিবারের লোকজন সাকিবের বন্ধু রবিন ও আরমানকে সন্দেহ করে। খোঁজ করে আরমানকে বাড়িতে না পাওয়া গেলেও রবিনকে পেয়ে এলাকাবাসী তাকে আটক করে উল্লাপাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, রবিন জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অপহরণের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গত বৃহস্পতিবার রাতে গাজীপুর পৌরসভা এলাকার একটি বাসা থেকে আরমান ও ইমরান হোসেনকে (২১) গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের শালবন থেকে সাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিবের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।