উল্লাপাড়ায় ডোবা থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডোবা থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১১ দিন পর গতকাল বুধবার পুলিশ উপজেলার দুর্গানগর ইউনিয়নের মানুষমোড়া গ্রামের পাশের কচুরিপানাপূর্ণ ডোবা থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের নাম মকুল হোসেন (৩২)। তিনি মানুষমোড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) কে এম শামসুদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, ৭ মার্চ সন্ধ্যায় মুকুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তাঁকে আর পাওয়া যায়নি। গতকাল তাঁর লাশ গ্রামের একটি ডোবার মধ্যে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। বিকেলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। লাশের গলা গামছা দিয়ে প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।