উল্লাপাড়ায় ভূমি কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: এনামুল হক খোকন
সিরাজগঞ্জের উল্লাপাড়া ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: এনামুল হক খোকন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কার্যালয়ের কাগজ, আসবাবপত্রসহ ঘরের চাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সময় দায়িত্বরত নৈশপ্রহরী গোলজার হোসেনের ভাষ্য, তাঁরা দুজন নৈশপ্রহরী সামনের দিকে দায়িত্ব পালন করছিলেন। কার্যালয়ের পেছন দিক থেকে চালের ওপর আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলমের ভাষ্য, নৈশপ্রহরী কার্যালয়ের সামনের দিকে দায়িত্ব পালন করছিলেন। কার্যালয়ের পেছন দিক থেকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভূমি কার্যালয়ের তিন দিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

শামীম আলম আরও জানান, অগ্নিকাণ্ডে কার্যালয়ের টেবিলে রাখা সব কাগজপত্র, আসবাবপত্র, একটি ফটোকপি মেশিন ও তিনটি কম্পিউটার পুড়ে গেছে। তবে মূল নথিগুলো স্টিলের আলমারির মধ্যে থাকায় ক্ষতি হয়নি।