উল্লাপাড়ায় ইউনিয়ন আ.লীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার সলপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি তোরাব আলী প্রামাণিককে (৫২) শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের সোনতলা নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তোরাব আলী গ্রামের ইনসাব আলী প্রামাণিকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তোরাব আলী ধান-চালের একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে ব্যবসায়িক কাজে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল শুক্রবার সকালে গ্রামবাসী তারাবাড়িয়া নতুনপাড়া গ্রামের মাঠে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

তোরাব আলীর ছেলে শাহিন মিয়া বলেন, ব্যবসায়িক শত্রুতার কারণে তাঁর বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তোরাব আলীর ছেলে শাকিল মিয়া একটি মামলা করেছেন।