উল্লাপাড়ায় গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের পূর্ব-রামকৃষ্ণপুর গ্রামে নাজিরা পারভীন (২৪) নামের এক গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এতে গৃহবধূর মুখমণ্ডল ঝলসে গেছে। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথমে ওই গৃহবধূকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় বলেন, নাজিরার মুখের ক্ষত বেশি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এটা অ্যাসিডের কারণেই হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
থানা-পুলিশ ও ওই গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে শিশুসন্তানকে নিয়ে স্বামীর ঘরে ঘুমিয়ে ছিলেন নাজিরা। রাত ১০টার দিকে বিশেষ প্রয়োজনে তিনি ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। অ্যাসিডে নাজিরার মুখমণ্ডল ঝলসে যায়। রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরার স্বামী মো. জুলমত হোসেন বলেন, ‘আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তারপরও এ ঘটনা কীভাবে ঘটল বুঝতে পারছি না।’
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ বলেন, এ ঘটনায় জুলমত হোসেন মামলা করেছেন। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে—এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।