উল্লাপাড়া স্টেশনমাস্টার সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে গত সোমবার স্ত্রীকে ঢাকাগামী ট্রেনে তুলে দিতে আসেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। এরপর ট্রেন ছেড়ে দিলে তাড়াহুড়া করে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে সামান্য আহত হন তিনি। এ ঘটনায় তাঁর অনুসারীরা সহকারী স্টেশনমাস্টারকে মারধর করেন। এদিকে সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাংসদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয়। তবে রেল কর্তৃপক্ষ বলছে, সাংসদের জন্য ট্রেনটি স্টেশনে অতিরিক্ত এক মিনিট অপেক্ষা করে।

গতকাল বুধবার জানতে চাইলে স্টেশনমাস্টার মো. সামছুল আলম বলেন, ট্রেনটি ২টা ৪১ মিনিটে স্টেশনে থামে। তিন মিনিট পর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সাংসদ তাঁর স্ত্রীর সঙ্গে ট্রেনের ভেতরে গিয়েছিলেন। তিনি নামতে দেরি করেন। এ জন্য ট্রেনটি এক মিনিট বেশি অবস্থান করে ২টা ৪৫ মিনিটে ছাড়ে। তাঁকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সামছুল আলম আরও বলেন, ওই দিন কোনো অনিয়ম হয়নি, কিংবা কর্তব্যে অবহেলা করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ট্রেনটি চলতে শুরু করলে সাংসদ তানভীর ইমাম ভেতর থেকে তাড়াহুড়া করে প্ল্যাটফর্মে নেমে আসেন। কিন্তু তিনি ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান। এতে সামান্য আহত হন। এরপর দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্টেশনমাস্টারের কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি সেখান থেকে বাড়িতে ফিরে যান। এরপর সাংসদ ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন, এই খবর ছড়িয়ে পড়লে একদল নেতা-কর্মী স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার আবদুল বাতেনকে তাঁর কক্ষে মারধর করেন। পরে বাতেনকে পাকশী রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাংসদ তানভীর ইমামের সহকারী একান্ত সচিব (এপিএস) শওকাত ওসমান বলেন, ট্রেনটি নির্দিষ্ট সময়ের আগেই ছেড়ে দেয়। এ কারণে সাংসদ চলন্ত অবস্থায় নামতে গিয়ে পড়ে যান।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের পাকশীর ডিআরএম অসীম কুমার তালুকদার বলেন, যাত্রী ওঠানামার জন্য উল্লাপাড়া স্টেশনে আন্তনগর ট্রেন তিন মিনিট থামার জন্য রেল বিভাগ নির্ধারণ করেছে। তারপরও সাংসদের জন্য ট্রেনটি চার মিনিট বিরতি দেয়। তা ছাড়া সাংসদেরও ঢাকায় যাওয়ার কথা ছিল। তিনি হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে শুধু স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে আকস্মিক নেমে পড়বেন, বিষয়টি হয়তো সহকারী স্টেশনমাস্টার জানতেনই না। এ কারণেই তিনি ট্রেনটি ছাড়ার অনুমতি দিয়েছিলেন।