উল্লাপাড়ায় কলেজশিক্ষার্থী আত্রাইয়ে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় গতকাল বুধবার বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছেন। আগের দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মারধরের শিকার এক শিক্ষার্থী গতকাল মারা গেছে।
আত্রাইয়ে নিহত ব্যক্তির নাম নবির উদ্দীন (৫৩)। তিনি দর্শন গ্রামের বাসিন্দা ছিলেন। উল্লাপাড়ায় মারা যাওয়া শিক্ষার্থীর নাম আসাদুল ইসলাম (১৭)। সে সোনতলা গ্রামের মেনাজ উদ্দিনের ছেলে। আসাদ উল্লাপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।
আত্রাই থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকালে নবির উদ্দীন শ্যালো মেশিনের মাধ্যমে বোরো ধানের জমিতে সেচ দিতে যান। এ সময় আগে পানি নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের রাসেল হোসেনের (২৮) সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় রাসেল হোসেন নবির উদ্দীনকে গলা টিপে হত্যা করেন। থানার ওসি বদরুদ্দোজা বলেন, রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে উল্লাপাড়ায় নিহত আসাদুল ইসলামের বাবা মেনাজ উদ্দিন বলেন, গত রোববার সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে জিলাপি বিতরণকে কেন্দ্র করে নাজমুল হক ও কোবাদ আলীর (১৬) পক্ষের সংঘর্ষ হয়। আসাদুল নাজমুলের বন্ধু। সে ওই ঘটনার মধ্যস্থতা করতে যায়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে গ্রামের গোল চত্বরের কাছে কয়েকজন আসাদুলকে বেধড়ক মারধর করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।