উল্লাপাড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাড়দেলুয়া গ্রামে গত বুধবার রাতে এক গৃহবধূ খুন হয়েছেন। নিহতের নাম সুমী খাতুন (২৫)।
সুমীকে হত্যার পর লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে তাঁর স্বামী রবিউল ইসলামসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুমীকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন। এ ঘটনায় সুমী খাতুনের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
জিয়াউর রহমান বলেন, ‘ইতিপূর্বে রবিউল আরও দুটি বিয়ে করেন। দুজনই নির্যাতন সহ্য করতে না পেরে চলে গেছেন। আমি মেয়েকে তাঁর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিলাম না। আত্মীয়স্বজনের অনুরোধে রাজি হয়েছি। আমার মেয়েকেও তাঁরা নির্যাতন করে মেরে ফেললেন। আমি এর বিচার চাই।’
মামলার এজাহার ও নিহতের আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার সয়দাবাদ গ্রামের জিয়াউর রহমানের মেয়ে সুমী খাতুনের সঙ্গে উল্লাপাড়ার হাড়দেলুয়া গ্রামের রবিউল ইসলামের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি চার বছরের ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে রবিউল ও তাঁর বাড়ির লোকজন যৌতুকসহ বিভিন্ন দাবিতে সুমীর ওপর নির্যাতন চালাতেন। বুধবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রবিউল সুমীকে মারধর করেন। এ সময় শ্বশুরবাড়ির অন্য লোকজনও এসে তাঁকে মারধর করেন। একপর্যায়ে সুমী মারা যান। এরপর লাশ ঘরের মধ্যে ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রেখে বাড়ির সবাই পালিয়ে যান। খবর পেয়ে থানার পুলিশ রাত ১০টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে।