উল্লাপাড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চক পাঙ্গাসী গ্রামে আজ শনিবার দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চক পাঙ্গাসী গ্রামের হাসানুর রহমানের সঙ্গে জহুরুল ইসলামের বিবাদমান জমিতে একটি সেচযন্ত্র নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ শনিবার সকালে জহুরুল ইসলামের লোকজন সেচযন্ত্রের আওতায় পানির ড্রেন (নালা) পরিষ্কার করতে যায়। এ সময় প্রতিপক্ষ হাসানুরের লোকজন ড্রেন পরিষ্কার করতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। এ সময় আবদুল লতিফ মাস্টার, আফাজ আলী, জালিম উদ্দিন, মজনু মিয়ার বাড়িসহ ৭টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় আবুল কালাম (৪২), সোনা প্রামাণিক (৫০), মকবুল হোসেন (৪০) ও সাইফুল ইসলামকে (৪৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে রবু মিয়া (৩৫), নুর হোসেন (৩২), রইচ উদ্দিন (৩০), আবদুস ছালাম (২৫), মোতালেব হোসেন (২৭), শেফালি বেগমকে (৩০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জহুরুল ইসলাম ও হাসানুরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষ আহত রোগীদের নিয়ে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত থানায় মামলা করতে আসেনি। তবে মামলার প্রস্তুতি চলছে।