উল্লাপাড়ায় ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গ্রামের মাতবরেরা আইন লঙ্ঘন করে একটি হিল্লা বিয়ে দিয়েছেন। শাহ আলম নামের এক মাদ্রাসাশিক্ষক ফতোয়া দিয়ে গত বুধবার রাতে এই বিয়ে পড়ান।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার বলেন, দেশের প্রচলিত আইনে হিল্লা বিয়ের অস্তিত্ব নেই। তিনি এ ঘটনা জানেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে কলহের জের ধরে একটি দম্পতির মধ্যে তালাক হয়। তাঁদের একটি ছেলে রয়েছে। পরে ওই দম্পতি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। গত সপ্তাহে তাঁরা সিরাজগঞ্জের আদালতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাঁদের গ্রামের মাতবরেরা বিয়েটি মেনে নিতে রাজি হননি। শাহ আলম নামের এক মাদ্রাসাশিক্ষক এর বিরুদ্ধে ফতোয়া দেন। বুধবার রাতে মাতবরদের সহযোগিতায় তিনি গৃহবধূটিকে স্বামীর ভাইয়ের সঙ্গে বিয়ে দেন। তিন মাস ১৩ দিন পর গৃহবধূটিকে আবার তাঁর স্বামীর সঙ্গে বিয়ে দেওয়া হবে বলে ফতোয়া দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ বলেন, চাপের মুখে তিনি হিল্লা বিয়ে করতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে মাদ্রাসাশিক্ষক শাহ আলম বলেন, শরিয়ত অনুযায়ী হিল্লা বিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট মেয়াদ পরে আগের স্বামীর সঙ্গে বিয়ে পড়ানো হবে। স্থানীয় বিরু প্রামাণিক, মজিবর প্রামাণিক, নুর ইসলাম, শহিদুল ইসলাম ও আবদুর রহমান হিল্লা বিয়ে পড়ানোর ব্যাপারে তাঁকে সহযোগিতা করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও বাকিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বলেন, দেশের আইন অমান্য করে কতিপয় ফতোয়াবাজ হিল্লা বিয়ে দিয়েছেন। এটা গ্রহণযোগ্য নয়। ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।