উল্লাপাড়ায় সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলসন্ধ্যা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ঈদের নামাজের পর এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজন আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লাপাড়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নলসন্ধ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নলসন্ধ্যা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের সঙ্গে রাজাপুর গ্রামের ঠান্ডু মিয়া, স্বপন মিয়া, বকুল মেম্বার গংদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরে দুই মাস আগে তোফাজ্জলের ভাতিজা রনিকে প্রতিপক্ষের লোকজন রাজাপুর এলাকায় মারধর করেন। এ ঘটনার এক মাস পর (গত মাসে) নলসন্ধ্যা নতুন বাজারে ঠান্ডু মিয়ার ছেলে আখিরুলকে তোফাজ্জলের ভাতিজারা মারধর করেন। এ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলতে থাকে।
গতকাল সোমবার নলসন্ধ্যা ঈদগাহ মাঠে উভয় পক্ষের লোকজন ঈদের নামাজ পড়তে আসে। নামাজ শেষে বাড়ি ফেরার পথে উভয় পক্ষই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি, ফালা, হলঙ্গা, ইটপাটকেল ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সিরাজগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জলের চাচাতো ভাই লাল মিয়া (২৫) এবং ঠান্ডু মিয়ার ছেলে শিপন মিয়া (২২) আজ মঙ্গলবার ভোররাতে মারা যান।
এ বিষয়ে উভয় পক্ষের লোকজন আহত রোগীদের নিয়ে ব্যস্ত থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।