উল্লাপাড়ায় সওজের জায়গা দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে মাটি ভরাট করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। ১৩ মে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়রের নেতৃত্বে মাটি ভরাটের এ কাজ শুরু হয়।
সওজ বিভাগের একটি সূত্রে জানা গেছে, পৌর শহরে উড়ালসেতু থেকে উত্তর-পশ্চিম দিকে সহস্রাধিক ফুট লম্বা এবং এক শ ফুট চওড়া স্থানে মাটি ভরাট করা হচ্ছে। মাটি ফেলার স্থানের পাশে রয়েছে তিনটি বহুতল বিপণিবিতান ও দুটি বাণিজ্যিক ব্যাংক। পৌর মেয়র এস এম নজরুল ইসলামের নেতৃত্বে এই ভরাটকাজ শুরু হয়েছে। কিন্তু তাদের জায়গায় বিনা অনুমতিতে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ আইনের পরিপন্থী। ওই স্থান থেকে মাটি অপসারণ করার জন্য পৌর মেয়রকে চিঠি দেওয়া হয়েছে।
১৫ মে সরেজমিনে দেখা গেছে, পুরো এলাকায় বিক্ষিপ্তভাবে মাটির স্তূপ রয়েছে। বিশেষ করে বহুতল বিপণিবিতানের সামনে মাটি ফেলা হয়েছে। এ কারণে লোকজনের যাতায়াতে বিঘ্ন ঘটছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এখানে মাটি ভরাট করা হবে, বিষয়টি আমরা কিছুতেই বুঝতে পারি নাই। প্রচার চালানো হচ্ছে, এখানে রিকশা ও ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে। এ কারণে মাটি ভরাট করা হচ্ছে। কিন্তু মাটি ভরাটের পর এখানে বিপণিবিতান নির্মাণের জন্য বন্দোবস্ত দেওয়া হবে।’
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মার্কেটের স্বত্বাধিকারী উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খোরশেদ আলম বলেন, সওজ বিভাগের সড়কের পাশে অনেক গর্ত ছিল। মাটি ফেলে সেগুলো ভরাট করে জনসাধারণের চলাচলের পথ তৈরি করা হয়েছে। একই সঙ্গে এখানে গাছের নিচে বসে অনেকে বিশ্রাম নেয়। এখন একটি প্রভাবশালী মহল অনৈতিকভাবে মাটি ভরাটের কাজ করছে। এ জায়গা দখল করছে।
বাংলাদেশ মানবাধিকার কমিটি উল্লাপাড়া শাখার সভাপতি আবদুল বাতেন বলেন, দুটি বাণিজ্যিক ব্যাংকসহ বিপণিবিতানগুলোতে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। বর্তমানে এই জায়গাটি মূল্যবান হওয়ায় সবার দৃষ্টিতে পড়েছে। সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে মাটি ভরাট করা হচ্ছে। এই স্থান ভরাট হলে হাজার হাজার লোকের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হবে।
সওজ বিভাগের উল্লাপাড়া কার্যালয়ে উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম মো. জহুরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পৌর মেয়রকে মাটি ভরাট বন্ধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভরাট করা মাটি অপসারণ করতে বলা হয়েছে।
পৌর মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, ‘ওই স্থানে একটি ট্রাক ও রিকশাস্ট্যান্ড নির্মাণ করার জন্য উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আমাকে মাটি ভরাট করার কথা বলায় মাটি ফেলছি। এটি জনস্বার্থেই করা হচ্ছে। যদি সওজ বিভাগ বাধা দেয়, তাহলে বন্ধ রাখা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রাক ও রিকশাস্ট্যান্ড নির্মাণের জন্য মাটি ভরাট করা হচ্ছে। এটি একটি ভালো কাজ। তাই কারও অনুমতি নেওয়া হয়নি।
সওজ বিভাগের সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, সওজ বিভাগের জায়গায় অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো কিছুই নির্মাণ করার সুযোগ নেই। তা ছাড়া কেউ কোনো অনুমতি নেয়নি, আবেদনও করেনি। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।