উল্লাপাড়ায় ৫৩টি ককটেল উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার ঈদগাহ মাঠ থেকে ৫৩টি ককটেল উদ্ধার করেছে থানা-পুলিশ। সোমবার সকালে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ককটেলগুলো থানায় রাখা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি ব্যাগের মধ্যে ককটেলগুলো ঈদগাহ মাঠের একটি কোনায় রাখা ছিল। ককটেল লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। শিশুরা দেখে এগুলো ক্রিকেটের বল ভেবে খেলতে শুরু করে। একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। স্থানীয় এক দোকানদার বিষয়টি ওই এলাকার পৌর কাউন্সিলর মো. আবুল কালাম আজাদকে জানান। পরে পুলিশকে পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মুঠোফোনে খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিক থানা-পুলিশকে জানানো হয়। পরে তারা এসে এগুলো উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, উদ্ধার করা ককটেলগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো তাজা ককটেল। কী কারণে এগুলো রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো দ্রুত নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।