উৎকোচ না দেওয়ায় প্রতিবন্ধীর কাজ বন্ধ!
উৎকোচের টাকা না পেয়ে সিরাজগঞ্জের তাড়াশে এক শারীরিক প্রতিবন্ধীর অঙ্কন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘড়গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্লিপ ফান্ডের অর্থায়নে শ্রেণিকক্ষ সজ্জিতকরণ, দেয়াল লিখন, বাণী লিখন, ছবি অঙ্কনের কাজ করে আসছেন। গত সপ্তাহে তাড়াশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান সাইফুলকে ডেকে নিয়ে তাঁর মজুরি থেকে বিদ্যালয়প্রতি দুই হাজার টাকা করে উৎকোচের দাবি করেন। দাবিকৃত উৎকোচ দিতে অস্বীকৃতি জানালে ওই শিক্ষা কর্মকর্তা উপজেলার তালম ইউনিয়নের গুল্টা ও মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা ক্লাস্টারের অধীনে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের অঙ্কনের কাজ সাইফুলকে দিতে নিষেধ করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে জানানো হলে আগের প্রাপ্ত বিলের টাকাও পরিশোধ করা হবে না বলে হুমকি দেন। এ ঘটনার পর থেকে সাইফুলের অঙ্কনের কাজ বন্ধ হয়ে গেছে।
সাইফুল বলেন, ‘আমি জন্ম থেকে পায়ের সমস্যার কারণে শারীরিক প্রতিবন্ধী। ছোটবেলা থেকে অঙ্কনের কাজ করে আসছি। এ কাজ করেই পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্ভর করছি। উৎকোচের টাকা না দেওয়ায় ওই শিক্ষা কর্মকর্তা তাঁর পছন্দের লোককে কাজ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। আমাকে কাজ না দেওয়ার জন্য সব প্রধান শিক্ষককে নিষেধ করেছেন।’
তবে মাহমুদুর রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাইফুল ইসলামকে গত বছর আমিই কাজ পাইয়ে দিতে সহযোগিতা করি। কিন্তু অঙ্কনের কাজ নিম্নমানের হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে কাজ করতে দিচ্ছে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।