পণ্যের গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ করা আছে ০২.১১.১৪। মেয়াদ উত্তীর্ণের তারিখ ০৫.১১.১৪। কিন্তু উল্লেখ করা উৎপাদনের তারিখের আগে গত শুক্রবার ভোরে (৩১.১০.১৪) ওই পণ্য ফেনীর সার্কিট হাউস রোডের চৌধুরী এন্টারপ্রাইজের ডিপোতে আসে। পণ্যটি হচ্ছে ফু-ওয়াংয়ের ‘প্লাটিনাম স্যান্ডউইচ হোয়াইট ব্রেড’।
ফেনীর চৌধুরী এন্টারপ্রাইজ ডিপোর স্বত্বাধিকারী বদরুল আলম চৌধুরী বলেন, গত ৩১ অক্টোবর ভোরে ওই কোম্পানির কারখানা থেকে নিজস্ব পরিবহনে করে প্লাটিনাম স্যান্ডউইচ হোয়াইট ব্রেডসহ অন্যান্য পণ্য ফেনীতে পাঠানো হয়। সেদিন দুপুরে এসব পণ্য বিভিন্ন দোকানে পাঠানো হয়। ওই দিন রাতে ও পরদিন ১ নভেম্বর থেকে পণ্যটি ক্রেতাদের হাতে যায়। কিন্তু প্রতিটি প্লাটিনাম স্যান্ডউইচ হোয়াইট ব্রেডের গায়ে উৎপাদনের তারিখ ০২.১১.১৪ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ০৫.১১.১৪ লেখা।
সামছুল আলম নামের এক ক্রেতা বলেন, ১ অক্টোবর শনিবার বিকেলে দোকান থেকে তিনি একটি ব্রেড কিনে দেখেন, তার গায়ে উৎপাদনের তারিখ দেওয়া আছে ২ অক্টোবর। ফু-ওয়াংয়ের মতো জনপ্রিয় একটি কোম্পানি নিত্যপণ্য নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। ক্রেতারা না জেনে বাসি পাউরুটি খাচ্ছেন। এতে জনগণের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে ফু-ওয়াংয়ের প্লান্ট ব্যবস্থাপক মাসুদ হোসেন বলেন, পণ্যগুলো ৩১ অক্টোবর সকালে ফেনী ডিপোতে গেলেও এটি তৈরি করে প্যাকেটজাত করা হয়েছে আরও এক থেকে দেড় দিন আগে। সাধারণত প্রতিটি পাউরুটি তৈরি করার পর বাজারজাত করা পর্যন্ত দেড় থেকে দুই দিন সময় লাগে। সে হিসাবে তিন দিন হাতে রেখে উৎপাদনের তারিখ পণ্যের গায়ে বসানো হয়। আর উৎপাদনের তারিখ থেকে পরের চার দিন পণ্যের মেয়াদ দেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে মাসুদ হোসেন বলেন, এটি কোম্পানির নিয়ম। শুরু থেকে এভাবে পণ্য বাজারজাত করা হচ্ছে। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে পণ্যের গায়ে উৎপাদনের সময় থেকে সাত দিন মেয়াদ দিয়ে বাজারজাত করা হবে।
ফু-ওয়াংয়ের উপদেষ্টা কর্নেল (অব.) ফোরকান মুঠোফোনে বলেন, ‘পণ্যের উৎপাদনের তারিখ বিষয়ে আমি অবগত নই। অভিযোগটি নোট আকারে নেওয়া হলো। অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’