উৎসবের অনুষঙ্গ মাদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় যুগ আগে ঈদের দিনে এক বন্ধু তাঁর দুলাভাইয়ের মোটরসাইকেল ধার করে এনে বলেছিলেন, ‘চল, ওঠ।’ এরপর বালিয়াডাঙ্গী সীমান্তের দিকে যাত্রা। ঈদ সেলামির পাঁচ শ টাকায় দুই বন্ধু দুই বোতল ফেনসিডিল সেবন করেছিলেন। সেটাই ছিল প্রথম। এরপর ফেনসিডিলের নেশা আর ছাড়তে পারেননি।

উত্তরের শহর ঠাকুরগাঁওয়ের মধ্য চল্লিশের ওই লোকটি এখন তিন সন্তানের বাবা, কিন্তু নেশা ছাড়তে পারেননি। ছোট্ট শহরের প্রতিষ্ঠিত পরিবারটি মাত্র একজনের নেশায় আসক্তির কারণে সামাজিক, আর্থিক সবদিক থেকেই চরমভাবে নাজেহাল হচ্ছে। আর এভাবেই দেশের হাজারো নেশাসক্ত উৎসব-পার্বণে প্রথমবারের মতো নেশার সংস্পর্শে আসছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ধর্মীয়, জাতীয় এমনকি ব্যক্তিগত উৎসব উদ্‌যাপনেও মাদক অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে—বলছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুনর্বাসন প্রতিষ্ঠান ও পুলিশের কর্মকর্তারা। ঈদ-পূজা, নববর্ষ বা থার্টি ফার্স্ট, বিয়ে বা জন্মদিনের মতো উৎসবগুলোতে মাদকের ব্যবহার বাড়ছে। আর মাদক গ্রহণ করে আমোদ-ফুর্তির মধ্যে নানা দুর্ঘটনা বাড়ছে।

গত বছরের ঈদের দিন দিবাগত রাতে ঠিকাদার বাবার গাড়ি নিয়ে বন্ধুদেরসহ বের হয়েছিলেন তরুণ নাসিফ খান। ঈদের পরদিন ভোরবেলায় শেওড়াপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। নিহত হন কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী আতাউর রহমান (৭৮) ও তাঁর স্ত্রী রওশন আরা বেগম। পুলিশ বলছে, ঈদের আনন্দ উদ্‌যাপন করতে নাসিফ ও তাঁর বন্ধুরা রাতে নেশা করেছেন। এরপর তাঁরা গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে ওই দম্পতিকে চাপা দেন। এ বিষয়ে কাফরুল থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার অভিযোগপত্র দিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

উৎসবে নেশাসক্ত হয়ে গাড়ির চেয়ে মোটরসাইকেলে দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। রাজধানীর কাঁটাবনের মোটরসাইকেল মেকানিক মো. ইউনুস বলছেন, প্রতি ঈদের পরেই অনেকগুলো করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল তাঁরা মেরামতের জন্য পান।

মাদকাসক্তদের পুনর্বাসন প্রতিষ্ঠান আপনগাঁওয়ের পরামর্শক খন্দকার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁদের এখানে আসা রোগীদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মাদকাসক্তিতে জড়িয়েছেন কৌতূহলের বশে। এরপরেই আসে উৎসব মাদকাসক্তির বিষয়টি, তাঁদের ভাষায় ‘ফেস্টিভ্যাল ইউজার’। তিনি বলেন, উল্লেখযোগ্যসংখ্যক রোগী উৎসব-পার্বণ উদ্‌যাপনের অংশ হিসেবে প্রথম প্রথম মাদক গ্রহণ করছেন। এরপর সেই মাদকে আসক্ত হয়ে পড়ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর সার্কেলের পরিদর্শক হেলালউদ্দীন ভুঁইয়া দীর্ঘদিন ধরেই মাঠপর্যায়ে কাজ করছেন। তিনি বলেন, ঈদ বা থার্টি ফার্স্টের মতো উৎসবের আগে বেড়ে যায় মাদকের চাহিদা। চাহিদা বাড়লে দামও বাড়ে। এসব উৎসবকে কেন্দ্র করে তাঁরাও তৎপরতা বাড়িয়ে দেন।

জানতে চাইলে হেলালউদ্দীন বলেন, ইয়াবার কোনো নির্ধারিত মূল্য নেই। যিনি ইয়াবাসেবী, তিনিই আবার কখনো কখনো বিক্রেতা। ১০টি ইয়াবা কিনে অর্ধেক বেচতে পারলে তাঁরা নিজের সেবন করা ইয়াবার দামটি উশুল হয়ে যায়।

মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারা বলছেন, উৎসব–পার্বণে মাদকসেবীরা নিজেদের মধ্যে ‘পার্টির’ আয়োজন করে। বিশেষ করে উচ্চ মধ্যবিত্তদের ছেলেমেয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়ারা এসব দিনে নিজেদের কোনো বন্ধুর বাড়িতে জড়ো হয়ে পার্টি করেন। বিভিন্ন সময় ধরা পড়াদের কাছ থেকে এমন তথ্য জানা যায়। সারা রাত পার্টি করার শক্তি পেতে তাঁরা ইয়াবা সেবন করেন। এসব পার্টিতে বন্ধুদের সঙ্গে প্রথমবারের মতো মাদকে হাতেখড়ি হয় অনেক তরুণের। তাঁদের মধ্যে অনেকেই আর পরে মাদকের পথ থেকে ফিরতে পারেন না।

কর্মকর্তারা বলেন, সাধারণত ঈদের আগে বিভিন্ন ধরনের মাদকের দাম বেড়ে যায়। এর চাহিদাও বেড়ে যায়। ইয়াবার কোনো নির্ধারিত দাম নেই। সীমান্ত এলাকায় ফেনসিডিলের বোতল হাজার টাকা ছাড়িয়ে যায়।

>* উৎসব–পার্বণে মাদকে হাতেখড়ি হচ্ছে অনেক তরুণের
* মাদকাসক্ত হয়ে যানবাহন চালাতে গিয়ে বাড়ছে দুর্ঘটনাও


তবে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম বলেন, উৎসব সামনে রেখে অন্য ধরনের মাদকের চাহিদা বাড়লেও ইয়াবার চাহিদার তেমন হেরফের হয় না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রকাশিত বার্ষিক মাদক প্রতিবেদন-২০১৬–তে বলা হয়েছে, মাদকাসক্তির কারণগুলোর মধ্যে বন্ধুদের প্রভাব সবচেয়ে বেশি। ৬৪ দশমিক ৪৪ শতাংশ মাদকাসক্ত বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে মাদক সেবন শুরু করেছে। আর ৩২ দশমিক ৮৪ শতাংশ মাদকাসক্ত হয়েছে কৌতূহলের বশে। সংস্থাটির তথ্য বলছে, ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত পাঁচ বছরে ইয়াবা জব্দের পরিমাণ বেড়েছে ২১ গুণ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায়ীরা তরুণদের কাছে বার্তা দিচ্ছে যে ইয়াবার মতো মাদক সেবনে তাদের শারীরিক শক্তি বাড়বে, রাত জাগতে পারবে। কিন্তু এরপরে এর যে পার্শ্বপ্রতিক্রিয়া ও শারীরিক ক্ষতি, সে সম্পর্কে তরুণেরা সচেতন নন। ইয়াবা সেবনের পরে দীর্ঘ সময় জেগে থাকার কারণে ঘুমের চক্র নষ্ট হয়ে যায়। ঠিকমতো ঘুম না হলে একটা মানুষের মানসিক অবস্থা ঠিক রাখা দায় হয়ে যায়। এই ছোট্ট মাদকটির ক্ষতির দিকগুলো তরুণদের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরাই এখন বড় কাজ।

মাদক নিয়ন্ত্রণের একজন কর্মকর্তা বলেন, একবার একটা আখড়ায় অভিযান চালাতে গিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থীকে পেয়েছিলেন তাঁরা। ভাইয়ের বিয়ে, বন্ধুরা ঢাকা থেকে যাবেন বিয়েতে। সে জন্য ইয়াবা কিনতে আসছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে শিক্ষক রওফুন নাহার একটা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন তরুণের কথা উল্লেখ করে বলেন, ওই দলটি তাদের ঘনিষ্ঠ কারও গায়েহলুদ বা বেড়াতে গিয়েও মাদক সেবন করেছে। এখন তাদের কয়েকজনকে চিকিৎসা নিতে হচ্ছে।

সব মিলিয়ে রওফুন নাহার বলেন, মাদক নিরাময়ের জন্য আসা রোগীদের ক্ষেত্রে দেখা যায় একাকিত্ব, পারিবারিক সমস্যাসহ নানা কারণের পাশাপাশি উৎসবগুলোতে প্রথমবারের মতো অনেকে মাদক নিয়ে পরে মাদকাসক্ত হয়ে পড়েছে। আবার দেখা যায় যারা নিরাময়ের জন্য চিকিৎসা নিচ্ছে, তারাও উৎসব-পার্বণে বন্ধুদের পাল্লায় পড়ে মাদক নিতে গিয়ে আবারও আসক্তিতে পড়ে যাচ্ছে। বন্ধু বা পরিবারের কাজিনরা যেসব উৎসবে একত্র হচ্ছে, সেখানে এসব ঘটনা ঘটছে। তাই নিরাময়ের জন্য এসব মাদকাসক্তকে পরিবারকেন্দ্রিক করার একটা চেষ্টা করা হয়। পাশাপাশি তারা যেন বন্ধুদের ‘না’ বলতে পারে, সেই যোগাযোগদক্ষতাও শেখানো হয়।