উৎসবের নামে গরু নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে ধু ধু মাঠ। মাঠের একপাশে একটি বড় ষাঁড়। ষাঁড়টির গলার দুই দিকে প্রায় ৪০ ফুট লম্বা দুটি রশি। দুই পাশের রশি ধরে আছেন শতাধিক লোক। তাঁদের হাতে আড়াই থেকে তিন ফুট দৈর্ঘ্যের বাঁশের লাঠি।
দুই পাশের লোক চিৎকার করতে করতে গরুটিকে ধাওয়া করেন। গরু প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে মাঠের মাঝামাঝি এলে দড়ি ধরে থাকা এক পাশের লোকজন দড়ি ছেড়ে দেয়। দড়িটি মাঠের মাঝের খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়। এরপর গরুর পেছনে ফোটানো হয় বাজি। বাজির শব্দে গরুটি দিগ্বিদিক দৌড়াতে থাকে। যে গরু দড়ি ছিঁড়তে পারে, সেটি জয়ী হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব সালেপুর গ্রামের পদ্মার চরে গত বৃহস্পতিবার পৌষসংক্রান্তির দিনে গরু দাবড়ানির এ আয়োজন করা হয়। সেখানে এ দৃশ্য চোখে পড়ে।
অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার ও চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম ওবায়দুল বারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
১৯২০ সালের (সংশোধনী ২০১৪) পশুসম্পদ সংরক্ষণ আইনের ৪(ক) অনুচ্ছেদে বলা আছে, পশুকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করানো, নিষ্ঠুরতা প্রদর্শন, অপ্রয়োজনীয়ভাবে প্রহার বা অন্য কোনোভাবে নির্যাতন করা এবং (খ) কোনো পশুকে এরূপভাবে বাঁধেন বা রাখেন বা বহন করেন যাতে পশুকে অপ্রয়োজনীয় ব্যথা বা কষ্ট প্রদান করা হয়। তাহা হইলে তাকে অনধিক ১০০ টাকা জরিমানা বা অনূর্ধ্ব তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব গরু প্রতিযোগিতায় অংশ নেয়, সেগুলোকে আগের দিন অন্ধকার ঘরে রাখা হয়। ওই ঘর থেকে দুই চোখ বেঁধে গরুকে মাঠে আনা হয়। মাঠে গরুর চোখ খুলে দেওয়া হয়। অনেকে বলেন, গরু দাবড়ানি শুরুর কিছুক্ষণ আগে গরুকে নেশাজাতীয় দ্রব্যও পান করানো হয়। ফলে মাঠে গরুটি পাগলাটে আচরণ করে। চর হরিরামপুর ইউনিয়নবাসীর কাছে দুটি ঈদের পর সবচেয়ে বড় উৎসব এ অনুষ্ঠান। উৎসবকে ঘিরে আত্মীয়স্বজনের বাড়িতে দাওয়াত করা হয়। এ উৎসবে বিভিন্ন এলাকার প্রায় ১০০ গরু অংশ নেয়। উৎসব উপলক্ষে এলাকায় মেলাও বসে। অনুষ্ঠান দেখতে আশপাশের কয়েক গ্রামের নারী, শিশুসহ হাজার হাজার মানুষ আসে।
ইউপি চেয়ারম্যান ওবায়দুল বলেন, ‘আমি এ অনুষ্ঠানের বিরোধী। অনেক দিন ধরে চলে আসছে, তাই এলাকাবাসীর চাপে এ অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে।’
জেলা পশুসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ বসাক বলেন, ‘গরু দাবড়ানি উৎসবের বিষয়টি আমি জানি না। ওই অনুষ্ঠানে গবাদিপশুর ওপর অত্যাচার করা হলে তা বন্ধে উদ্যোগ নেওয়া হবে।’