উড়ালপথে গাঁজা এল শাহজালাল বিমানবন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এই তিনটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় সাড়ে চার কেজি গাঁজা। ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এই তিনটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় সাড়ে চার কেজি গাঁজা। ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় এসব গাঁজা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের কাস্টমস হলের পাশে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি ট্রলি ব্যাগের ভেতর গাঁজা পাওয়া যায়। ট্রলি ব্যাগটির ভেতর পলিথিনের তিনটি প্যাকেটে গাঁজা রাখা ছিল। এরপর প্যাকেট তিনটি স্কচটেপে জড়ানো হয়। ১৩ এপ্রিল লন্ডন থেকে আসা বিমানের বিজি ০১৬ নম্বর ফ্লাইটে করে ট্রলি ব্যাগটি ঢাকায় এসেছিল। এরপর পরিত্যক্ত অবস্থায় লস্ট অ্যান্ড ফাউন্ডে এটি পড়ে ছিল। গাঁজা-ভর্তি ট্রলির ওপর বাংলাদেশ বিমানের একটি ট্যাগ লাগানো ছিল। তবে ট্যাগের ওপর ওই ফ্লাইটের কোনো যাত্রীর নাম কিংবা আসন নম্বর লেখা ছিল না। প্রতিটি পলিথিনের প্যাকেটে প্রায় দেড় কেজি করে গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে এর ওজন সাড়ে চার কেজি। এসব গাঁজার পাতা শুকিয়ে ভাঁজ করে প্যাকেটে ভরা হয়েছিল।

এডি তারেক মাহমুদ আরও বলেন, বিমানবন্দর দিয়ে বিভিন্ন সময় বিদেশগামী যাত্রীদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু বাইরের কোনো দেশ থেকে এবারই প্রথম গাঁজাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনা ঘটল। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্তে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিমানের ওই ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা যাচাই করে গাঁজা পাচারে কেউ জড়িত আছে কি না, তা বের করার চেষ্টা করা হবে।
বিমানবন্দর সূত্র জানায়, পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা কৌশলের অংশ হিসেবে ইচ্ছে করে লস্ট অ্যান্ড ফাউন্ডে গাঁজার ট্রলি ব্যাগটি রেখে গিয়েছিল। সুবিধাজনক সময়ে ব্যাগটি বের করা হতো।