উড়ালসেতুতে চালককে গুলি করে প্রাইভেটকার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয় সরণি-সংলগ্ন উড়ালসেতুতে চালককে গুলি করে প্রাইভেট কার ছিনতাই করেছে এক দল দুর্বৃত্ত। আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া প্রাইভেট কারে চালকের আসনে থাকা আসিফ আব্দুল্লাহ খান (২৫) গুলিতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ওই প্রাইভেট কারে আসিফের বন্ধু সাব্বির আহমেদও ছিলেন। তাঁর ভাষ্য, তাঁরা সেহ্‌রি খেতে উত্তরা থেকে পুরান ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে বিজয় সরণি-সংলগ্ন উড়ালসেতুতে ছিনতাইয়ের শিকার হন। উড়ালসেতুতে একটি ট্রাক তাঁদের প্রাইভেট কারের গতি রোধ করে। ট্রাক থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে আসিফকে গুলি করে প্রাইভেট কারটি নিয়ে যায়। এরপর লোকজনের সহায়তায় আসিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সাব্বির আহমেদের তথ্যমতে, আসিফের তলপেটে গুলি লেগেছে। ছিনতাই হওয়া প্রাইভেট কারটি আসিফের বাবা শামসুদ্দিনের। তাঁর বাড়ি উত্তরায়।