উড়িরচর থেকে ৯ 'জলদস্যু' গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীর উড়িরচরের জঙ্গল থেকে জলদস্যু সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। ভোলার মনপুরা থানার পুলিশ গত বৃহস্পতিবার দেশীয় অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া নয়জন হলেন ফখরুল ইসলাম (২৭), মনির (১৮), আ. মালেক (৩০), শামসুউদ্দিন (২৯), শহিদুল (৩৫), মো. সোহেল (২০), মো. সোহরাব (৩৫), সেলিম উদ্দিন (২৫) ও রাহাত (২০)। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, গত বৃহস্পতিবার বিকেলে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রফিকুল ইসলামের নেতৃত্বে তিনিসহ (ওসি) পুলিশের ১৫ জনের একটি দল উড়িরচরের শ্বাসমূলীয় বনে অভিযান চালায়। সাড়ে পাঁচটার দিকে উড়িরচরের কেওড়া বনে জলদস্যুদের আস্তানা ঘিরে ফেলেন তাঁরা। এ সময় দস্যুরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।