উড়োজাহাজ তল্লাশি নিয়ে শুল্ক ও সিভিল এভিয়েশন কর্মকর্তাদের হাতাহাতি
সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজ তল্লাশিকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও শুল্ক কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও শুল্ক বিভাগ অনেকটা মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছে।
শুল্ক কর্তৃপক্ষ বলছে, ওই উড়োজাহাজে অবৈধভাবে আনা এক শ কেজি সোনার চালান ছিল। তল্লাশি করতে বাধা দিয়ে চালানটি বিমানবন্দরের বাইরে পাচারে সহায়তা করেছেন সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা।
অন্যদিকে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বলছেন, নিয়মানুযায়ী দেহ তল্লাশি ও রেজিস্ট্রার বইয়ে নাম-পদবি লেখা ছাড়া উড়োজাহাজের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়ার নিয়ম নেই। গত মঙ্গলবার রাতে শুল্ক কর্মকর্তারা এই নিয়ম মানতে রাজি হননি। তাঁরা কর্তব্যরত দুজন নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করেন এবং তাঁদের টেনেহিঁচড়ে শুল্ক কার্যালয়ের দিকে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা কর্মকর্তার ছবি তুলে নেন এবং তাঁদের মামলার ভয়ভীতি দেখান।
ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করার পর গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সেটি তল্লাশি করতে যান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) কাজী রায়হানুজ্জামানের নেতৃত্বে প্রিভেনটিভ দলের সদস্যরা। তখন সিভিল এভিয়েশনের নিরাপত্তা দলের কয়েকজন সদস্য তাঁদের বাধা দেন, যা শুল্ক আইন ১৯৬৯-এর পরিপন্থী।
ঢাকা কাস্টম হাউসের এসি শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে নিশ্চিত তথ্য ছিল যে সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই ফ্লাইটে কমপক্ষে এক শ কেজি সোনার বার রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দরে কড়া নজরদারি করা হয়। রাতে ফ্লাইট নামার পর উড়োজাহাজে উঠতে যাব, তখন সিভিল এভিয়েশনের কর্মকর্তারা নিরাপত্তার অজুহাত দিয়ে আমাদের বাধা দেন।’
এ ব্যাপারে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম এইচ জাকির হাসান প্রথম আলোকে বলেন, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (আইকাও) নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি উড়োজাহাজের ভেতর যেতে হলে তাঁর দেহ তল্লাশি ও নাম-পদবি লিপিবদ্ধ করতে হবে। শুল্ক কর্মকর্তাদের নাম মৌখিকভাবে জানাতে বলা হয়, তাঁরা তাও মানতে চাননি। তিনি বলেন, ‘উড়োজাহাজে তল্লাশির যদি এতই তাড়া থাকত তাহলে নাম বলতে তাঁদের অসুবিধা কোথায় ছিল? তা ছাড়া এটি বিদেশি এয়ারক্রাফট ছিল। শুল্ক কর্মকর্তাদের দলের কেউ যে বিস্ফোরক দ্রব্য নিয়ে উড়োজাহাজের ভেতরে ঢুকবেন না, এরই বা নিশ্চয়তা কোথায়।’
শুল্ক বিভাগের দাবি, তল্লাশিতে বাধা দেওয়ায় সোনার চালান বিমানবন্দরের বাইরে পাচার হয়েছে। এ বিষয়ে কোনো তদন্ত করা হবে কি না, জানতে চাইলে গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, সোনা চোরাচালান ছিল কি না এটি দেখার দায়িত্ব সিভিল এভিয়েশনের নয়। তাদের কাজ উড়োজাহাজের ও বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা।
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে উড়োজাহাজের ভেতরে সোনার চালান ছিল, এমন তথ্য তাঁদের কাছে ছিল।