উড়োজাহাজ থেকে ১১ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার একটি উড়োজাহাজ থেকে ১১ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজের একটি আসনের নিচে এসব সোনা পরিত্যক্ত অবস্থায় ছিল।
শুল্ক কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়া উদ্দিন জানান, ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ দুবাই থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আসে। অবতরণের পর পরই গোপন খবরের ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালানো হয়। উড়োজাহাজের ২১-ই নম্বর আসনের নিচ থেকে ১০০টি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ১১ কেজি ৭০০ গ্রাম। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া সোনা কাস্টম গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।
বিদেশি সিগারেট জব্দ: এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো গুদাম থেকে ৩৭৪ কার্টন অনুমোদনহীন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই সিগারেটের মূল্য ১৩ লাখ টাকা।
এসব সিগারেট শুল্ক গুদামে জমা করা হয়েছে এবং বিভাগীয় মামলা করা হয়েছে।