উড়োজাহাজ ভাড়ায় এবারও অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম অনেকটা নিয়মে পরিণত হয়েছে। এবারও উড়োজাহাজ ভাড়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।
শুধু তা-ই নয়, মেগা মালদ্বীপ এয়ারলাইনস থেকে ভাড়ায় আনা উড়োজাহাজটি (বোয়িং ৭৬৭) এখন বিমানের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৫ আগস্ট বিমানবহরে যুক্ত হওয়ার পর এটির কয়েক দফা কারিগরি ত্রুটি দেখা দেয়।
শুধু এই উড়োজাহাজই নয়, এর আগে এপ্রিলে মিসর থেকে দুটি উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। এখন ওই উড়োজাহাজ দুটি নিয়ে বেশ বিপাকে পড়েছে বিমান কর্তৃপক্ষ। উড়োজাহাজ দুটি দিয়ে গত ৬ এপ্রিল অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালু করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনী ফ্লাইটেই হোঁচট খায় বিমান। গত প্রায় পাঁচ মাসেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালিয়ে লাভের মুখ দেখেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান সূত্র জানায়, শুরুতে বলা হয়েছিল, গত বছরের মতো এ বছরও নিজস্ব উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এরপর এপ্রিলে দুটি উড়োজাহাজ ভাড়া করার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে বিভিন্ন দেশের আটটি কোম্পানি অংশ নেয়। বিমান কর্তৃপক্ষ মেগা মালদ্বীপের প্রস্তাব গ্রহণ করে। তাদের কাছ থেকে প্রতি উড্ডয়ন ঘণ্টায় ৬ হাজার ৩৮০ মার্কিন ডলারে একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ ভাড়ায় আনা হয়।
অভিযোগ উঠেছে, অতীতের মতো এবারও হজের জন্য উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে ব্যবসায়িক দিক বিবেচনা করা হয়নি। বিমানের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জমা পড়া দরপত্রের পর্যালোচনায় দেখা যায়, উড়োজাহাজের জ্বালানিসহ পরিচালন খরচ, কারিগরি দিক, ক্রু ও বিকল্প উড়োজাহাজের ব্যবস্থাসহ (ব্যাকআপ সাপোর্ট) সার্বিক ব্যবসায়িক বিবেচনায় এয়ার এশিয়ার উড়োজাহাজের দর ছিল সবচেয়ে লাভজনক।
ওয়ার্ল্ডওয়াইড চার্টার গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এয়ার এশিয়ার উড়োজাহাজ ভাড়ার দরপত্র জমা দেয়। প্রস্তাবিত উড়োজাহাজের (এয়ারবাস-৩৩০) আসনসংখ্যা ৩৭৭। এর জ্বালানি খরচ প্রতি নটিক্যাল মাইল ৮ দশমিক শূন্য ২ সেন্ট। মোট পরিচালন ব্যয় আসনপ্রতি দাঁড়ায় ৪৯৪ মার্কিন ডলার। উড়োজাহাজের বয়স ছয় বছর। অপরদিকে মেগা মালদ্বীপের উড়োজাহাজ ২০ বছরের পুরোনো। এর জ্বালানি খরচ প্রতি নটিক্যাল মাইল ১১ দশমিক ২৭ সেন্ট। পরিচালন ব্যয় আসনপ্রতি পড়ে ৫২২ ডলার।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের পরিকল্পনা শাখার একজন কর্মকর্তা বলেন, জ্বালানি সাশ্রয় ও পরিচালন ব্যয়ের বিবেচনার বাইরেও উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো ব্যাকআপ সাপোর্ট। কোনো কারণে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি বা ক্রু সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিকল্প উড়োজাহাজ বা ক্রু দেওয়ার মতো সক্ষমতাই হলো ব্যাকআপ সাপোর্ট। কিন্তু মেগা মালদ্বীপের বহরে আছে মাত্র চারটি উড়োজাহাজ। ওই চারটির মধ্যে দুটি আবার ছোট আকারের উড়োজাহাজ।
অপরদিকে এয়ার এশিয়ার বহরে আছে ৮০টি উড়োজাহাজ। এর মধ্যে তাদের কেবল এয়ারবাস-৩৩০ আছে ১৮টি; যার একটি ভাড়ার প্রস্তাব করেছে। আবার, এয়ার এশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় ও জেদ্দায় সরাসরি ফ্লাইট থাকায় চাইলে যেকোনো সময় ক্রুসহ কারিগরি সংকট দেখা দিলে তাদের পক্ষে বিকল্প ব্যবস্থা সম্ভব।
এরই মধ্যে মেগা মালদ্বীপ থেকে আনা উড়োজাহাজে সমস্যা দেখা দেওয়ায় ২০ আগস্ট একটি হজ ফ্লাইট বাতিল করতে হয়। গত বৃহস্পতিবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার সময় উড়োজাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ঝুঁকি নিয়ে যাত্রীবোঝাই উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। সর্বশেষ গত শুক্রবার যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবি যাওয়ার পর আবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে উড়োজাহাজটি আবুধাবি বিমানবন্দরে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি দুই দিন পর গত সোমবার ঢাকায় ফিরিয়ে আনা হয়।
অভিযোগ রয়েছে, বিমানের পরিকল্পনা শাখার কিছু কর্মকর্তা কারসাজি করে মেগা মালদ্বীপের উড়োজাহাজ ভাড়ার জন্য নির্বাচিত করেন। এ ছাড়া মেগা মালদ্বীপের পক্ষে দুটি উড়োজাহাজ ভাড়া দেওয়ার সক্ষমতা না থাকায় দুটির জন্য দরপত্র ডেকে পরে একটি নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করে।
এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত প্রশ্ন পাঠানো হয়। ১১ দিন পর বিমান আংশিক জবাব পাঠায়। তাতে দাবি করা হয়, দরপত্র মূল্যায়ন কমিটিতে বিমানের কর্মকর্তা ছাড়াও বাইরের দুটি প্রতিষ্ঠানের দুজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সব দর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে উড়োজাহাজ ভাড়ার সুপারিশ করা হয়। এরপর বিমানের পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী মেগা মালদ্বীপ এয়ারলাইনসের কাছ থেকে একটি বোয়িং ৭৬৭-৩০০ইআর উড়োজাহাজ তিন মাসের জন্য এসিএমআই ভিত্তিতে ভাড়া করা হয়েছে। এসিএমআই মানে (এয়ারক্রাফট, ক্রু, মেনটেইন্যান্স অ্যান্ড ইনস্যুরেন্স) ক্রু, রক্ষণাবেক্ষণ ও বিমার টাকা ভাড়া দাতা দেবে।
বিমান সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমল থেকে প্রায় প্রতিবছরই হজ ফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। কেবল তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং গত বছর কোনো অভিযোগ ওঠেনি। অবশ্য গত বছর বিমান হজের জন্য কোনো উড়োজাহাজ ভাড়া করেনি। নিজস্ব উড়োজাহাজ দিয়ে গতবার বিমান হজ ফ্লাইট পরিচালনা করেছে এবং তাতে কোনো সমস্যা হয়নি।
তাহলে এবার কেন উড়োজাহাজ ভাড়া করতে হলো? বিমান কর্তৃপক্ষের লিখিত বক্তব্যে বলা হয়, এ বছর বিমানের নিজস্ব তিনটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়। হজ সময়কালে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রাখার লক্ষ্যে দুটি উড়োজাহাজ ভাড়া করতে দরপত্র আহ্বান করা হয়।
এর আগে গত এপ্রিলে অভ্যন্তরীণ গন্তব্যে চালানোর জন্য মিসরের স্মার্ট এভিয়েশন থেকে দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রে দরপত্রের মৌলিক শর্ত লঙ্ঘনসহ অনিয়মের অভিযোগ উঠেছিল। মাসে ২ কোটি ৬০ লাখ টাকা ভাড়ায় পাঁচ বছরের জন্য আনা এ দুটি উড়োজাহাজ নিয়ে এখন বিপাকে পড়েছে বিমান। তখন আরও কম ভাড়ায় উড়োজাহাজ ভাড়া দেওয়ার প্রস্তাব পাওয়া গেলেও বিমান কর্তৃপক্ষ নানা অজুহাতে তা গ্রহণ করেনি।
শুধু তা-ই নয়, উড়োজাহাজ দুটির মাসিক ভাড়া, রক্ষণাবেক্ষণ খরচসহ সব মিলিয়ে পাঁচ বছরে বিমানের খরচ হবে প্রায় ৩৮৯ কোটি টাকা। এই টাকায় এ ধরনের উড়োজাহাজ অন্তত চারটি কেনা সম্ভব বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র তখন বলেছিল। এ নিয়ে গত ২৪ মার্চ প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়।
বিমানের একাধিক সূত্র বলছে, প্রায়ই একটি উড়োজাহাজ বিকল থাকে। ভাড়ার চুক্তির ত্রুটির কারণে বিমানকে প্রতি মাসে অতিরিক্ত ১ কোটি ৭০ লাখ টাকা খরচ করতে হচ্ছে। উড়োজাহাজ দুটি মিসরের একটি ব্যাংকের কাছে বন্ধক থাকায় চুক্তি অনুযায়ী ওই ব্যাংককেই মাসিক ভাড়া পরিশোধ করতে হচ্ছে। কিন্তু উড়োজাহাজ দুটির বিভিন্ন সমস্যা, যন্ত্রাংশ ক্রয়, মেরামতসহ নানা প্রয়োজনে মালিকানা সংস্থা স্মার্ট এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দিচ্ছে না। বাধ্য হয়ে বিমানকে নিজের খরচে নিজ জনবল দিয়েই মেরামত করতে হচ্ছে।
বিমান সূত্রে জানা গেছে, সাধারণত উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ রিজার্ভের টাকা বিমানের নিজস্ব তহবিলে জমা রাখা হয়, যাতে উড়োজাহাজ মেরামত কিংবা প্রয়োজনের সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যায়। কিন্তু এই চুক্তির আওতায় রক্ষণাবেক্ষণ রিজার্ভ বাবদ প্রতি উড্ডয়ন ঘণ্টার জন্য ৬০০ মার্কিন ডলার করে মাস শেষে ভাড়ার সঙ্গে মিসরের সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হচ্ছে। এ অবস্থায় উড়োজাহাজ দুটির কোনো ত্রুটি ধরা পড়লে টাকার অভাবে তা সারাতে লম্বা সময় লেগে যায়। টাকার জন্য মিসরের ওই ব্যাংকের কাছে ধরনা দিয়ে যথাসময়ে টাকা পাওয়া যায় না।
এ নিয়ে বিমানের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। যদিও গত মার্চে এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইল হেয়্যুড প্রথম আলোকে বলেছিলেন, উড়োজাহাজ দুটি সরবরাহের আগেই স্মার্ট অ্যাভিয়েশন কর্তৃপক্ষ মাল্টিপল সি-চেক (বড় ধরনের রক্ষণাবেক্ষণ) করে দেবে। কিন্তু এখন প্রকৌশল শাখার সূত্রগুলো বলছে, সি-চেক দূরের কথা, স্মার্ট এভিয়েশনের কোনো কর্মকর্তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বিমানমন্ত্রী মো. ফারুক খান গত রাতে প্রথম আলোকে বলেন, হজ ফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়া ও তার আগে অভ্যন্তরীণ গন্তব্যের জন্য দুটি উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে কোনো প্রতিবেদন তাঁরা পাননি। পেলে গতকাল সংসদীয় কমিটিতে তা নিয়ে জানতে চাওয়া হতো। তিনি বলেন, সংসদীয় সভায় বিমানের চেয়ারম্যান বলেছেন, হজ নিয়ে কিছু ঝামেলা হলেও বিমান তা ভালোভাবে সামাল দিয়েছে, কোনো ফ্লাইট বাতিল করতে হয়নি।