উড়োজাহাজের আসনের নিচে ৩২ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজের আসনের নিচ থেকে এবার ৩২ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা মালিন্দ এয়ারের একটি উড়োজাহাজ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, উড়োজাহাজটির আসনের ঢাকনার নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই সোনা রাখা হয়েছিল। সেই আসনে কে বসেছিলেন এসব বিষয়ে তদন্ত চলছে।
শুল্ক কর্মকর্তাদের ধারণা, উড়োজাহাজটি পরিষ্কারের জন্য আসা কর্মীদের সহায়তায় সোনা ছাড়িয়ে নেওয়ার আশায় আসনের নিচে রাখা হয়েছিল। তার আগেই শুল্ক কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন।
গত বৃহস্পতিবার মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ২৪ কেজি সোনা উদ্ধার করা হয়।
গত মাসে একটি উড়োজাহাজ তল্লাশিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাধা দেয় বলে অভিযোগ করেছিলেন শুল্ক কর্মকর্তারা।