উড়োচিঠিতে শিক্ষিকাদের হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি উড়োচিঠি এসেছে। এতে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত ২৭ জুলাই ডাকযোগে তাঁর কাছে একটি উড়োচিঠি আসে। জেলার কথিত জঙ্গি কমান্ডার তৈয়ব ইবনে আসিবের নামে আসা ওই চিঠিতে উপজেলার লতিবপুর, বড় হযরতপুর ও কাফ্রিখাল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। এরপর ৩১ জুলাই তিনি মিঠাপুকুর থানায় জিডি করেন।

এদিকে হুমকির ঘটনার পরও এসব বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছে। লতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষকের মধ্যে ৮ জনই নারী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে বিচলিত নই। তবে আমরা সতর্ক রয়েছি।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।