উড়োজাহাজ থেকে সেলফোন চুরি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে সেলফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ বিমান ও এয়ার অ্যারাবিয়ার চারজন কর্মচারী। তাঁরা হলেন এয়ার অ্যারাবিয়ার দুই ট্রাফিক সহকারী জিসান আহমেদ (২৬) ও ইস্রাফিল (৪৫) এবং বাংলাদেশ বিমানের দুই ট্রাফিক সহকারী জিয়াউর রহমান (৩৬) ও নজরুল ইসলাম (৪৭)।
গতকাল সোমবার দুপুরে আটক চারজনকে সেলফোন সেটসহ আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ থেকে মালামাল নামানোর কাজ চলছিল। এ সময় আটক চারজন লাগেজ কেটে সেলফোন চুরি করার সময় এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। জিসান ও ইস্রাফিলকে এক বছর করে এবং জিয়াউর ও নজরুলকে এক মাস করে কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট মুহম্মদ ইউসুফ।
ম্যাজিস্ট্রেট মুহম্মদ ইউসুফ বলেন, এয়ার অ্যারাবিয়ার দুজন উড়োজাহাজের ভেতর থেকে মালামাল নামাচ্ছিলেন। তাঁদের কাছ থেকে মূল্যবান নতুন দুটি মোবাইল সেট পাওয়া গেছে। বিমানের দুই কর্মচারী বাইরে থেকে তাঁদের সহযোগিতার করার কথা স্বীকার করেছেন।