উড়োজাহাজে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ বিমান ও এয়ার অ্যারাবিয়ার চার কর্মচারী। কারাদণ্ড হয়েছে চারজনেরই। দুজনকে চাকরিচ্যুত করা হয়েছে। 

আজ সোমবার দুপুরের দিকে ওই চারজনকে মোবাইল সেটসহ আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
ওই চারজন হলেন এয়ার অ্যারাবিয়ার দুই ট্রাফিক সহকারী জিসান আহমেদ (২৬) ও মো. ইস্রাফিল (৪৫) এবং বাংলাদেশ বিমানের দুই ট্রাফিক সহকারী জিয়াউর রহমান (৩৬) ও নজরুল ইসলাম (৪৭)।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ থেকে মালামাল নামানোর কাজ চলছিল। এ সময় আটক চারজন লাগেজ কেটে মোবাইল চুরি করার সময় এপিবিএন সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের বিমানবন্দরের নির্বাহী হাকিমের আদালতে পাঠানো হয়। জিসান ও ইস্রাফিলকে এক বছর করে এবং জিয়াউর ও নজরুলকে এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী হাকিম মুহম্মদ ইউসুফ।

নির্বাহী হাকিম মুহম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, এয়ার অ্যারাবিয়া তাদের দুই কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। এ ছাড়া বিমান কর্তৃপক্ষকে তাদের দুই কর্মচারীর শাস্তির বিষয়টি জানানো হয়েছে।