উড়োজাহাজের আসনের নিচে সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমানের মাসকাট থেকে আসা ফ্লাইটে সিটের নিচে ৪০টি সোনার বার পাওয়া যায়। ছবি: সংগৃহীত
ওমানের মাসকাট থেকে আসা ফ্লাইটে সিটের নিচে ৪০টি সোনার বার পাওয়া যায়। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। উড়োজাহাজটি আজ বুধবার সকালে ওমানের মাসকাট থেকে আসে। উদ্ধার করা সোনার পরিমাণ ৪ কেজি ৬৪০ গ্রাম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, ইউএস বাংলা এয়ারলাইনসের নিরাপত্তা দলের দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল সাতটায় মাসকাট থেকে আসা বিএস ৩২২–এর ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় ১১-এ ও ১১-বি আসনের ভেতরে শক্ত ধাতববস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়। সিটের নরম ফোম তোলার পর দেখা যায়, সেখানে কালো স্কচটেপ মোড়ানো ২টি প্যাকেট পড়ে আছে। পরে এগুলো উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে সেগুলো খোলা হয়। তাতে ১০ তোলা ওজনের ৪০টি সোনার বার পাওয়া যায়।

সাইদুল ইসলাম জানান, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।