বিমানবন্দরের ওয়ার্কশপে গাড়ির চাকায় ৪৬টি সোনার বার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বাংলাদেশ বিমানের ওয়ার্কশপে একটি গাড়ির চাকার ভেতর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করেন।
উদ্ধার করা সোনার বারের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। প্রতিটি বার ১০ ভরি ওজনের। এ হিসাবে ৪৬০ ভরি সোনার বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে কর্মকর্তারা জানান।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদে বাংলাদেশ বিমানের নিয়ন্ত্রণাধীন ওয়ার্কশপে পুরোনো চাকা পরীক্ষা–নিরীক্ষা করা হয়। একপর্যায়ে একটি চাকার ওজন বেশি হলে স্ক্যানিং করা হয়। বিমানের ওয়ার্কশপের লোকজনের সহায়তায় চাকাটি খুলে কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিল পাওয়া যায়। এই দুটি বান্ডিল থেকে ৪৬টি সোনার বার জব্দ করা হয়।
কর্মকর্তারা জানান, কাস্টমস আইন অনুযায়ী মামলা করা হবে। জব্দ করা সোনার বার জমা দেওয়া হবে কাস্টম হাউসে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় বছরে সংস্থাটি ১ হাজার ৫৫২ কেজি সোনা জব্দ করেছে। জব্দ করা এসব সোনার মূল্য ৮১৭ কোটি টাকা।
ব্যাগেজ রুলের আওতায় একজন যাত্রী বিদেশ থেকে ফেরার সময় ঘোষণা দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের দুটি সোনার বার নিয়ে আসতে পারেন। বৈধভাবে সোনার বার আমদানির জন্য শুল্ক-কর পরিশোধ করতে হয়। ব্যাগেজ রুলের আওতায় প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক-কর ২ হাজার টাকা।