ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেটালেন অধস্তনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে সোনালী ব্যাংকের দুটি শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) তিন কর্মকর্তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
প্রিন্সিপাল কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্যাংকের প্রয়োজনে কর্মচারীদের বদলি করা হয়। গতকাল বদলির বিষয়ে ব্যাংকের স্থানীয় সিবিএ কর্মকর্তাদের সঙ্গে এজিএমের বৈঠক হওয়ার কথা ছিল। এ জন্য গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেন, রইসুল ইসলাম, দবিরুল ইসলামসহ সিবিএর চার কর্মকর্তা এজিএমের অফিসকক্ষে ঢোকেন। সে সময় তাঁদের সঙ্গে একই ব্যাংকের শিবগঞ্জ শাখার সহকারী কর্মকর্তা মো. আতাউর রহমান ও আখানগর শাখার সহকারী কর্মকর্তা মকবুল হোসেন এজিএম আল মামুন মনসুর আলমের কক্ষে ঢুকে পড়েন। কোনো কিছু বোঝার আগেই আতাউর ও মকবুল এজিএমের ওপর হামলা করেন। একপর্যায়ে আতাউর তাঁর হাতে থাকা লোহার যন্ত্র (স্লাই রেঞ্জ) দিয়ে এজিএমের মাথা ও শরীরে আঘাত করতে থাকেন। এ সময় কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা গোলাম রসুল এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। সে সময় চিৎকার শুনে আমিরুল ইসলাম নামের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এগিয়ে যান। তিনিও হামলার শিকার হন। পরে কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আমিরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। আল মামুন মনসুর ও গোলাম রসুল হাসপাতালে ভর্তি আছেন।
আল মামুন মনসুর আলম বলেন, গত ১৯ থেকে ২১ মে ব্যাংকের শিবগঞ্জ শাখার জুনিয়র কর্মকর্তা আতাউর রহমান চিকিৎসা ছুটি ভোগ করেন। ২৫ মে তিনি কাজে যোগ দিয়ে আবার ২৬ মে থেকে এক মাসের চিকিৎসাজনিত ছুটির আবেদন করেন। ব্যাংকের ডিজিএম শেখ ইসমাইল হোসেন আতাউরের ছুটি অনুমোদন না করে আগের ছুটির সময়কার মেডিকেল সনদ চান। এ ঘটনায় উত্তেজিত হয়ে আতাউর হামলা চালিয়ে থাকতে পারেন।
আতাউর রহমান বলেন, ‘ব্যাংকের কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য এজিএম কার্যালয়ে গিয়েছিলাম। সে সময় এজিএম উত্তেজিত হয়ে চেয়ার থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। গোলাম রসুলও এজিএম সাহেবকে তুলতে গিয়ে পড়ে যান। তবে আমিরুল কীভাবে আঘাত পেয়েছেন তা বলতে পারব না।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংক কর্মকর্তাদের কথা শুনে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’