ঋণ দেওয়ার কথা বলে গণধর্ষণ
বরিশালের গৌরনদী উপজেলায় ঋণ দেওয়ার কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মামলার প্রধান আসামি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ডুমুরিয়া গ্রামের আশরাফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে।
ধর্ষণের শিকার গৃহবধূ, পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন জানান, আশরাফ হোসেন খাঞ্জাপুরের বাকাই বাজারে আলোর দিশারী ঋণদান সমিতির কার্যালয় স্থাপন করে ঋণদান কার্যক্রম পরিচালনা করেন। তাঁর সঙ্গে মাদারীপুরের সদর উপজেলার দরিদ্র এক গৃহবধূর (৩০) পরিচয় হয়। আশরাফ তাঁকে ৩০ হাজার টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেন। ওই টাকা দেওয়ার কথা বলে আশরাফ গত শনিবার বিকেল পাঁচটায় তাঁকে (গৃহবধূ) আলোর দিশারী কার্যালয়ে দেখা করতে বলেন। বিকেল সাড়ে পাঁচটায় ওই গৃহবধূ কার্যালয়ে গেলে আশরাফ তাঁকে বসিয়ে রাখেন। একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে আশরাফ কার্যালয়ের কক্ষের দরজা বন্ধ করে গৃহবধূকে ধর্ষণ করেন।
গৃহবধূ অভিযোগ করেন, আশরাফ তাঁর হাত-মুখ বেঁধে ধর্ষণ করার পর তাঁকে কক্ষের মধ্যে আটকে রাখেন। গভীর রাতে আশরাফ ও তাঁর পাঁচ সহযোগী তাঁকে কক্ষ থেকে বের করে পাশের একটি বাগানে নিয়ে যান। সেখানে আবার আশরাফ ও তাঁর পাঁচ সহযোগী ধর্ষণ করেন। তিনি জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকেরা তাঁকে ফেলে চলে যান।
অভিযোগের ব্যাপারে আশরাফ হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।