ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঋণ দেওয়ার লোভ দেখিয়ে কিছু লোকের কাছ থেকে এক দিনেই প্রায় তিন লাখ টাকা জামানত নিয়ে একটি সমিতির কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গত সোমবার উপজেলার বরমচাল ইউনিয়নে ঘটেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর আকরামুজ্জামান ও রাসেল নামের দুই ব্যক্তি বরমচালের রাউৎগাঁও গ্রামে ফখরুল ইসলামের বাড়িতে যান। তাঁরা নিজেদের ‘প্রত্যাশা সমিতি’ নামে একটি বেসরকারি ঋণদানকারী সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে ফখরুলদের বাড়ির সামনের একটি দোকান সংস্থার কার্যালয় স্থাপনের জন্য ভাড়া চান। ওই দিনই দোকানের সামনে সমিতির কর্মকর্তারা একটি সাইনবোর্ডও স্থাপন করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২ নভেম্বর সকালের দিকে সংস্থার কিছু লোক রাউৎগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামে গিয়ে মানুষের কাছে ১০ হাজার টাকা জামানত জমা দিয়ে পরদিন লাখ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেন। তাঁদের এ প্রস্তাবে ৩০-৩৫ জন লোক রাজি হয়ে ১০ হাজার টাকা করে জামানত হিসেবে জমা দেন। পরদিন সকালে ঋণ আনতে গিয়ে লোকজন সংস্থার কার্যালয়ে তালা ঝুলতে দেখেন। সংস্থার কর্মকর্তাদের দেওয়া মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী লোকজন বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ওই দিন দুপুর ১২টার দিকে ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান ঘটনাস্থলে পরিদর্শনে যান। এ সময় ভুক্তভোগীরা তাঁর কাছে অভিযোগ তুলে ধরেন। পরে ইউএনও কার্যালয়টি সিলগালা করেন।
আকিলপুর গ্রামের রেজান মিয়া, নন্দনগরের আলাউদ্দিন, ইসলামনগরের মজনু মিয়াসহ ভুক্তভোগী সাত-আটজন জানান, এক দিনে এক লাখ টাকা ঋণ পাওয়ার আশায় সহজে বিশ্বাস করে তাঁরা সমিতির কর্মকর্তাদের হাতে ১০ হাজার টাকা করে জামানত তুলে দেন।
ফখরুল ইসলাম জানান, কথিত সমিতির কর্মকর্তাদের সঙ্গে গতকাল বুধবার ভাড়ার চুক্তিনামা সম্পাদনের কথা ছিল। এর আগেই তাঁরা পালিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আকরামুজ্জামান ও রাসেলের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান মুঠোফোনে বলেন, উপজেলায় ‘প্রত্যাশা সমিতি’ নামে নিবন্ধিত কোনো সংস্থা নেই। ওই সমিতির নামে একদল প্রতারক বরমচালের কিছু লোকের কাছ থেকে টাকাপয়সা নিয়ে গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।