ঋণ পরিশোধ করতে চাপাচাপি, গৃহবধূর আত্মহত্যা
নওগাঁর আত্রাইয়ে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তহমিনা বেগম (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার উপজেলার শাহাগোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। তহমিনাূ ওই গ্রামের সাগর হোসেনের স্ত্রী।
গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, তহমিনা বেগম বেসরকারি সংস্থা মৌসুমীর কাছ থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন। গত মঙ্গলবার ওই সংস্থার কর্মীরা তাঁর কাছে সাপ্তাহিক কিস্তির টাকা আনতে যান। কিন্তু কিস্তির টাকা দিতে না পারায় ঋণ আদায়কারীরা তাঁকে অপমানসূচক কথাবার্তা বলেন। টাকা পরিশোধের জন্য তিনি সময় প্রার্থনা করেন। পরে স্থানীয় বাজারে তাঁর শেষ সম্বল কিছু চাঁদনির (রুপা) গয়না বিক্রি করতে যান। কিন্তু সেগুলো বিক্রি করতে না পারায় তিনি বাড়ি ফিরে এসে মনের দুঃখে বিষপানে আত্মহত্যা করেন।
মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবালের সঙ্গে যোগাযোগের জন্য পাঁচ-ছয় বার ফোন করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আত্রাই থানার ওসি আবদুল লতিফ জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।