ঋণ শোধ করতে না পারায় বাড়ি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর গ্রামের সন্তোষ কবিরাজ (৪৫) পাঁচ বছর আগে মেয়ের বিয়ের জন্য একই গ্রামের নাসির মৃধার কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সময়মতো ওই টাকা পরিশোধ করতে না পারায় গত বছর সন্তোষের বাড়ি দখল করেন নাসির। এর পর থেকে পরিবারসহ তিনি ঘরছাড়া।
গত দেড় বছরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও সন্তোষ বাড়িতে ফিরতে পারেননি। সন্তোষ পেশায় নরসুন্দর।
সন্তোষ কবিরাজ জানান, পাঁচ বছর আগে একমাত্র মেয়ের বিয়েতে তিনি নাসির মৃধার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে ৫০ হাজার টাকা ঋণ নেন। সাড়ে তিন বছরে ওই টাকা সুদে-আসলে দেড় লাখ টাকা হয়। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ২০১৩ সালের ২১ মে রাতে নাসির সন্তোষের ২২ শতাংশ জমির ওপর নির্মিত আধা পাকা ঘরটি দখল করে নেন। এরপর ভয়ে সন্তোষ পরিবার নিয়ে গ্রাম থেকে চলে যান। এরপর বরিশালের উজিরপুর উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে এক বছর থাকেন। ছয় মাস আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অভয় দিলে তিনি চণ্ডীপুর বাজারে একটি ভাড়া ঘরে বসবাস শুরু করেন।
বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, দুই মাস আগে সালিসের সময় নাসির বাড়ির দখল ছাড়তে পাঁচ লাখ টাকা দাবি করেন।
সন্তোষ কবিরাজ অভিযোগ করেন, নাসির সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৫০ হাজার টাকা ঋণ দিলেও পরে তিনি ওই স্ট্যাম্পে পাঁচ লাখ টাকার কথা লেখেন।
অভিযোগ অস্বীকার করে নাসির মৃধা বলেন, ‘বসতঘর ও জমি বিক্রির কথা বলে আমার কাছ থেকে সন্তোষ পাঁচ লাখ টাকা নিয়েছিল।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সন্তোষের বাড়ির সমস্যা নিয়ে আমরা একবার দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। পরে তাঁরা আর কেউ আসেনি।’