ঋণের কিস্তি পরিশোধের চাপ, নারীর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা (এনজিও) সৃজনী বাংলাদেশের ক্ষুদ্রঋণের কিস্তি দিতে পারেননি ঋণগ্রহীতা এক নারী। কিস্তি আদায়কারী তাঁকে গালিগালাজ করেন। এতে আত্মসম্মানে আঘাত লাগায় ওই নারী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী হলেন মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের হাজেরা বেগম।
পুলিশ লাশ উদ্ধার করে গতকাল রোববার ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মনিরামপুর থানায় আত্মহত্যার একটি মামলা হয়েছে।
হাসপাতালে মর্গের সামনে হাজেরা বেগমের ছেলে আবদুর রাজ্জাক বিশ্বাস বলেন, সৃজনী বাংলাদেশ নামে একটি সংস্থা থেকে তাঁর মা ২৫ হাজার টাকা ঋণ নেন। শনিবার বিকেলে ওই ঋণের কিস্তির টাকা নিতে সংস্থার কর্মী বাড়িতে আসেন। এদিন কিস্তির সব টাকা তাঁর মা জোগাড় করে রাখতে পারেননি, যে কারণে সংস্থার ওই কর্মী গালিগালাজ করে চলে যান। পরে রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে তাঁর মা আত্মহত্যা করেন।
মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের (মথুরাপুর) সদস্য হাসান চৌধুরী বলেন, ‘এনজিওর কিস্তির টাকা না দিতে পারায় হাজেরা আত্মহত্যা করেছেন বলে আমরাও শুনেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে সৃজনী বাংলাদেশের চাঁচড়া, যশোর শাখার হিসাব কর্মকর্তা বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘হাজেরা বেগম সৃজনী বাংলাদেশের জাগরণ প্রকল্পের মোনালিসা মহিলা সমিতির সদস্য ছিলেন। সংস্থা থেকে তাঁর ২৫ হাজার টাকা ঋণ নেওয়া ছিল। শনিবার ছিল ঋণের কিস্তির দিন। ৬২৫ টাকার কিস্তি। হাজেরা মাত্র ২০০ টাকা জমা দেন। বিষয়টি নিয়ে তেমন কোনো গালিগালাজ করা হয়নি। কারণ তাঁর মাসিক সঞ্চয় বেশি ছিল। সঞ্চয়ের টাকা থেকে কিস্তির টাকা সমন্বয় করা হয়।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে করা আত্মহত্যার মামলায় বলা হয়েছে যে পেটের ব্যথা সহ্য করতে না পারায় হাজেরা আত্মহত্যা করেছেন। ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাঁকে গালিগালাজ করা হয়েছে। এতে তিনি আত্মহত্যা করেছেন—এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’