ঋণের কিস্তি শোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা
বেসরকারি সংস্থার ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে যশোরের মনিরামপুর উপজেলায় সামেলা বেগম (৫০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত সামেলা উপজেলার পূর্ব হোগলাডাঙ্গা গ্রামের আবুল কালামের স্ত্রী।
পুলিশ ও মৃত সামেলার স্বজনেরা জানান, সামেলা বেগম বেসরকারি সংস্থা আশাসহ চারটি প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকার ঋণ নেন। তাঁর স্বামী আবুল কালাম ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালক। প্রতি সপ্তাহে চারটি সংস্থায় অন্তত তিন হাজার টাকা কিস্তি দিতে হয়। ওই কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে স্বামীর সঙ্গে সামেলার প্রায়ই গন্ডগোল হতো। বুধবার রাতে স্বামীর সঙ্গে সামেলার বাগ্বিতণ্ডা হয়। অভিমানে-ক্ষোভে রাতে বাড়ির পাশের সফেদাগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সামেলা বেগমের পুত্রবধূ মুন্নি খাতুন সাংবাদিকদের বলেন, ‘ঋণের কিস্তির টাকা শোধ করা নিয়ে সারা দিনই সংসারে গন্ডগোল লেগে থাকে। এর মধ্যে গত বুধবার বাড়িতে আত্মীয় আসে। ঘরে টাকাপয়সা ছিল না। এসব নিয়ে রাতে শ্বশুরের সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়। একপর্যায়ে শাশুড়ি বাপের বাড়ি চলে যাচ্ছিলেন। আমি তাঁকে ধরে রাখি। ভোরে দেখি, শাশুড়ি গলায় ওড়না দিয়ে গাছের সাথে ঝুলছেন।’
নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি সংস্থা আশার একজন ঋণ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইঞ্জিনচালিত ভ্যান কেনার কথা বলে গত বছর সামেলা বেগম আশা সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ওই ঋণের টাকার জন্য প্রতি শনিবার ১ হাজার ৫০ টাকা করে তাঁর কাছ থেকে কিস্তি আদায় করা হয়। পুরোনো সদস্য বলে সামেলাকে এত বেশি টাকা ঋণ দেওয়া হয়েছে। তাঁর লেনদেন ভালোই ছিল।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাছিরুল হক খান প্রথম আলোকে বলেন, সামেলার লাশের সুরতহাল করার সময় কোমরে ৯৫০ টাকা পাওয়া গেছে। ওই টাকা ঋণের কিস্তি পরিশোধের জন্য তিনি গুছিয়ে রেখেছিলেন বলে স্বজনেরা জানান।
এসআই নাছিরুল বলেন, ‘স্বজনদের কাছে শুনেছি, চারটি বেসরকারি সংস্থা থেকে সামেলা ঋণ নেন। ওই টাকার কিস্তি পরিশোধের জন্য স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। সেই কারণে তিনি আত্মহত্যা করেন। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।