ঋণের দায় থেকে বাঁচতে বন্ধুকে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের দায় থেকে বাঁচতে নাটোরের লালপুরের কলেজছাত্র জালাল উদ্দিনকে হত্যা করেছেন তাঁরই তিন বন্ধু। নাটোর বিচারিক হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা বলেছেন সন্দেহভাজন হিসেবে আটক হওয়া দুই বন্ধু।

জালাল উদ্দিন (২২) দক্ষিণ লালপুরের গ্রামের সাহেব আলীর ছেলে। গত রোববার একই এলাকার পদ্মার চর থেকে বালুচাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ২৪ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন জালাল।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, লাশ পাওয়ার পর হত্যার কোনো কারণ জানা যাচ্ছিল না। হত্যার প্রতিবাদে লালপুরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে তাঁরা তদন্তে আরও মনোযোগ দেন। একপর্যায়ে জালালের দুই বন্ধু সাদ্দাম হোসেন (২১) ও রুবেল হোসেনকে (২২) আটকের পর রহস্য বের হয়ে আসতে থাকে।

পুলিশ বলছে, তদন্তকালে তারা জানতে পারে, জালাল পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ থেকে এবার স্নাতকোত্তর পরীক্ষা দেন। লালপুর কাঁচাবাজারে তাঁর একটা পানের দোকানও রয়েছে। এই সুবাদে স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীরা তাঁদের সমিতির টাকা জালালের কাছে জমা রাখতেন। তিনি সেই টাকা সুদের বিনিময়ে লোকজনকে ঋণ দিতেন।