ঋষি পরিবারের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঋষি পরিবারের এক প্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার থানায় মামলা হয়েছে।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ব্যক্তিরা এক যুবককে (৩৫) আটক করে কসবা থানা-পুলিশে সোপর্দ করেছেন। পরে কিশোরীর মা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জন্ম থেকেই মেয়েটি অন্ধ ও বোবা। কিশোরীদের পাশের একটি বাড়িতে দুই দিন আগে ওই যুবক বেড়াতে আসেন। শুক্রবার রাতে বাড়ির বারান্দা থেকে তিনি কিশোরীকে মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যান। এরপর বাড়ির পাশের পুকুরপাড়ে ধর্ষণ করেন।
এদিকে মেয়েটির পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই যুবক স্থানীয় বাজারের ভেতর দিয়ে মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় বাজারের পাহারাদার তাঁদের আটক করেন। খবর পেয়ে বাড়ির লোকজন এসে কিশোরীকে উদ্ধার করে। পরে গতকাল সকালে ওই যুবককে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
অভিযোগ অস্বীকার করে ওই যুবক দাবি করেন, বাড়ির পাশে মেয়েটিকে পেয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় লোকজন তাঁকে আটক করে।
থানার ওসি মু. মহিউদ্দিন বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।