ঋষিপল্লিতে হামলা: গ্রেপ্তার ৩, ছাত্রলীগ নেতাকে ধরতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা ঋষিপল্লিতে হামলার ঘটনায় জড়িত অভিযোগে আজ রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে ধরতে পুলিশ ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে।

ঋষিপল্লির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনার প্রতিবাদ করায় গতকাল শনিবার বিকেলে ২০ থেকে ২৫ জন লোক লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ঋষিপল্লিতে হামলা চালায়।
ঋষিপল্লির বাসিন্দাদের অভিযোগ, ঋষিপল্লিতে হামলার নেতৃত্ব দিয়েছেন পার্শ্ববর্তী বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন ও আবু সাঈদ। আবু সাঈদ মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় মনিরামপুর থানায় আবু সাইদ ও ইব্রাহিমসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।
পুলিশ জানায়, আজ মোছা. জীবনী, আকবর ও অছির উদ্দিন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আবু সাইদ ও ইব্রাহিমসহ বাকি আসামিরা পলাতক।
এ ঘটনায় আজ রোববার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং হয়। সেখানে যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেন, এ হামলায় আবু সাইদ ও ইব্রাহিম নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। তাঁদের ধরে দিতে পারলে দশ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনকে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।