ঋষিপল্লিতে হামলা, দুটি ঘরে আগুন
দশম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা ঋষিপল্লিতে হামলা চালিয়ে দুটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া অন্তত ১৫ জনকে মারধর করে আহত করা হয়। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
হামলার ঘটনায় পাড়ালা ঋষিপল্লীর অধীর দাস বাদী হয়ে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে হামলাকারী হিসেবে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
হামলার গোবিন্দ দাস, মুকুন্দ দাস, জিতেন্দ্র দাস, পূর্ণিমা দাস, জয়দেব দাস, সকালী রানি দাস, অধীর দাস ও নীল কুমার দাসসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে পাশের বাহিরঘরিয়া গ্রামের ইব্রাহিম হোসেন ও পাড়ালা গ্রামের মামুন এবং রিমন উত্ত্যক্ত করত। ওই শিক্ষার্থীদের মধ্যে একজন বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানায়। গত বুধবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে। অভিযোগের বিষয়টি জানাজানি হলে শনিবার বিকেলে ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজন জন দুর্বৃত্ত লাঠি-সোঁটা ও লোহার রড নিয়ে ঋষিপল্লিতে হামলা চালায়। একপর্যায়ে তারা ঋষিপল্লীর দুটি ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
মনিরামপুরে নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজন ঋষিপল্লিতে হামলা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলাকারীদের সবাই পলাতক।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বলেন, হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।