ঋষিপাড়ায় হামলা ও গ্রেপ্তার আতঙ্ক
সন্ত্রাসী হামলা ও গ্রেপ্তার-আতঙ্কে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ঋষিপাড়া র পুরুষেরা আত্মগোপনে আছেন।
ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র গত শনিবার রাতে মহিষা গ্রামে সংখ্যালঘু অধ্যুষিত ঋষিপাড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালান আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক মোল্লার সমর্থকেরা। এতে পাঁচ নারীসহ ১০ জন আহত হন।
ঋষিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁদের বিরুদ্ধেই গৌরনদী থানায় একটি মামলা করেছে। ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করায় পুলিশ-আতঙ্ক এবং আবারও সন্ত্রাসীদের হামলার ভয়ে গ্রামটির পুরুষদের অনেকেই আত্মগোপন করেছেন।
গতকাল সোমবার ঋষিপাড়ার লোকজন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংখ্যালঘু অধ্যুষিত ঋষিপাড়ার লোকজন বরাবরই আওয়ামী লীগের সমর্থক। তাঁরা প্রতিটি নির্বাচনেই প্রকাশ্য আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থক। রনো দাস জানান, গত শুক্রবার তাঁদের পাড়ায় কে বা কারা ধানের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর হোসেনের একটি ব্যানার টানান। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মোল্লার সমর্থকেরা ব্যানারটি দেখতে পেয়ে রনো দাস ব্যানারটি টাঙিয়েছেন, এই সন্দেহে তাঁকে বেদম মারধর করেন।
রনো দাস অভিযোগ করেন, নৌকার সমর্থকেরা তাঁকে জখম করেই ক্ষান্ত হননি, শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর বাড়িতে ৩০-৩৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে দুটি বসতঘর ভাঙচুর করে এবং লুটপাট চালায়।
রনো দাসের বৃদ্ধ মা মায়ারানী দাস অভিযোগ করেন, ফারুক মোল্লার ছেলে মামুন মোল্লার নেতৃত্বে তাঁর সহযোগী নিক্সন মোল্লা (২৫), নাসির মোল্লাসহ (৩২) ৩০-৩৫ জন সন্ত্রাসী বাড়িতে ঢুকে তাঁর ছেলে রনো দাস, উত্তম দাস ও সুশীল দাসকে খুঁজতে থাকেন। তাঁদের না পেয়ে একপর্যায়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।
মায়ারানী দাস বলেন, ‘সন্ত্রাসীরা মোর বাড়ি ভাঙচুর করে ক্ষান্ত হয় নাই, মোর পুতের বউ সুমি রানী, পুতুল রানী, সাগরী রানীকে মারধর ও শ্লীলতাহানি করেছে। মোরা হগোল সময় নৌকায় ভোট দেই। হেইয়ার পরও মিথ্যা অজুহাত দিয়া মোগো ওপরে হামলা চালাইছে। এ্যাহন আবার দিন-রাত দলবল লইয়া মোগো পোলাপানসহ গ্রামের পুরুষগো বিছরায়। হেইয়ার লাইগ্যা হগোলে গ্রাম ছাড়ছে। মোরাও আতঙ্কে আছি।’
নাম প্রকাশ না করার শর্তে ঋষিপাড়ার অনেকেই জানান, ওই দিন ভুলু দাসের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল, সেখানে আগত মেহমানরাও হামলাকারীর হাত থেকে রক্ষা পাননি। হামলা-ভাঙচুরের ঘটনায় কোনো মামলা না হলেও রনো দাসসহ ৩৫ জনকে আসামি করে রোববার থানায় মামলা করেন ফারুক মোল্লার সমর্থক নাসির মোল্লা। পুলিশ দুজনকে গ্রেপ্তার করার পর পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফারুক মোল্লা বলেন, ‘ঋষিপাড়ার বাসিন্দারা দুভাগে বিভক্ত। এ ঘটনা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের বহিঃপ্রকাশ। হামলা-ভাঙচুরের ঘটনায় আমার কোনো সমর্থক জড়িত নয়। নিজেরাই ভাঙচুর করে নাটক সাজিয়েছে।’