সরকারি খাল ভরাট করে মুক্তিযুদ্ধের দুজন সেক্টর কমান্ডারের নামে বিপণিবিতান (মার্কেট) নির্মাণ করেছেন ১০ মুক্তিযোদ্ধা। ভরাট করা জায়গার ২৬ শতাংশ প্লট আকারেও বিক্রি করেছেন তাঁরা।
নারায়ণগঞ্জ শহরের উত্তর প্রান্তে শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযুক্ত এই খাল। এটি সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা ‘ম’ খণ্ড মৌজার শহীদনগর এলাকায় (সিএস, এসএ, আরএস খাস খতিয়ানভুক্ত) পড়েছে। এই খালে একসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নৌকা পণ্য খালাসের জন্য নোঙর করত।
স্থানীয় লোকজনের অভিযোগ, তিন বছর ধরে খননের (ড্রেজিং) মাধ্যমে নদী থেকে বালু এনে খালটির ৩০০ শতাংশ (তিন একর) ভরাট করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা নীরব ছিলেন। কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে টাকা দিয়ে এ অবৈধ কাজ করা হয়।
যে ১০ জন মুক্তিযোদ্ধা খালটি দখল করেছেন, তাঁরা হলেন সালাউদ্দিন তপু, এম এম মোসলেহ উদ্দিন, মনির হোসেন, এম এম আফাজউদ্দিন, মো. রাশেদ, এম এম গিয়াসউদ্দিন, শরীফ হোসেন, সিদ্দিকুর রহমান, শের মোহাম্মদ ও মো. হোসেন (ফকির চান)।
ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ মুক্তিযোদ্ধা মাছ চাষের কথা বলে ২০০৯-২০১০ অর্থবছরে খালটির ১৫৬ শতাংশ ইজারা নেন। পরবর্তী সময়ে তাঁরা খালটি ভরাট করেন। এ ভরাটকৃত জায়গায় সেক্টর কমান্ডার ও ‘কে’ ফোর্সের অধিনায়ক শহীদ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ (বীর উত্তম) এবং অপর সেক্টর কমান্ডার এ টি এম হায়দারের (বীর উত্তম) নাম অনুসারে ‘বীর উত্তম খালেদ-হায়দার মুক্তিযোদ্ধা মার্কেট’ নির্মাণ করা হয়েছে। এখন ওই আধা পাকা মার্কেটের দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, মার্কেট নির্মাণের পর ভরাট করা বাকি জায়গা প্লট আকারে বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যে ৪ লাখ ৮০ হাজার টাকায় ৪ শতাংশ জায়গা নাছিরউদ্দিন, সমপরিমাণ টাকায় ৪ শতাংশ মতিন মিয়া, সাত লাখ টাকায় ৫ শতাংশ ইসমাইল হোসেন, নয় লাখ টাকায় ৫ শতাংশ আবুল চৌধুরী, চার লাখ টাকায় ৪ শতাংশ সাজেদা বেগম, পাঁচ লাখ টাকায় ২ শতাংশ সোলাইমান মিয়া ও তিন লাখ টাকায় ২ শতাংশ জায়গা মো. শাহীনের কাছে বিক্রি করা হয়েছে। তাঁরা মোট ২৬ শতাংশ জমি ৩৭ লাখ ৬০ হাজার টাকায় কিনেছেন।
সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ায় খালের জায়গা সরকারিভাবে রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। ‘দখল পজিশন হস্তান্তর সাফ কবলা দলিল’ নামে নাল জমি ও ডোবা উল্লেখ করে চার শ টাকার স্ট্যাম্পে দলিল করে এ জায়গা বিক্রি করা হয়েছে।
জানতে চাইলে ইজারা নেওয়া ১০ জনের পক্ষে মুক্তিযোদ্ধা সালাউদ্দিন তপু দাবি করেন, তাঁরা ১৯৭৪ সাল থেকে এ খাল ইজারা নিয়েছেন। নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এখন স্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করা হয়েছে।
সেক্টর কমান্ডারদের নামে মার্কেট করার আগে তাঁদের পরিবারের অনুমতি নেওয়া হয়েছিল কি না—এ প্রশ্নে সালাউদ্দিন কোনো উত্তর দেননি।
সদর উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ২০০৯-২০১০ অর্থবছরে এক বছরের জন্য ১৫৬ শতাংশ খাল মাছ চাষের জন্য ১০ জন মুক্তিযোদ্ধাকে ইজারা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এ ইজারা আর নবায়ন করা হয়নি। তিনি বলেন, ‘খাল ভরাটের ঘটনা আমাদের অগোচরে ঘটেছে। অভিযোগ পেয়ে আমরা ১৬ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিগগিরই একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাব।’
সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি কেউ কিনলে প্রতারিত হবেন বলেও জানান আবদুস সামাদ।